Saturday, August 20, 2016

শ্রীমদ্ভগবদ্গীতা : ষষ্ঠোহধ্যায় -ধ্যানযোগ

শ্রীমদ্ভগবদ্গীতা : ষষ্ঠোহধ্যায় 
শ্রীভগবানুবাচ -

অনাশ্রিতঃ কর্ম্মফলং কার্য্যং কর্ম্ম করোতি যঃ।
স সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নির্বচাক্রিয়ঃ।।১
শ্রীভগবান্‌ বলিলেন - কর্মফলের আশা না করিয়া যিনি কর্তব্য (অগ্নিহোত্রাদি) নিত্যকর্ম করেন, তিনিও সন্ন্যাসী, তিনিও কর্মযোগী । অগ্নিহোত্রাদি শ্রৌত ও তপোদানাদি স্মার্ত কর্ম যিনি ত্যাগ করিয়াছেন, কেবল তিনিই সন্ন্যাসী বা যোগী নন ।

যং সংন্যাসমিতি প্রাহুর্যোগং তং বিদ্ধি পাণ্ডব।
ন হ্যসংন্যস্তসঙ্কল্পো যোগী ভবতি কশ্চন।।২
হে পাণ্ডব, শাস্ত্র যাহাকে সর্বকর্ম ও তাহার ফলত্যাগরূপ সন্ন্যাস বলেন, নিষ্কামকর্মানুষ্ঠানরূপ যোগকে তুমি সেই সিন্ন্যাস বলিয়াই জানিবে । কারণ, সংকল্পশূন্য না হইলে (কর্মফলের বাসনা ত্যাগ না করিলে) কেহ কর্মযোগী হইতে পারে না ।

আরুরুক্ষোমুনের্যোগং কর্ম্ম কারণমুচ্যতে।
যোগারূঢ়স্য তস্যৈব শমঃ কারণমুচ্যতে।।৩
যিনি কর্মফলত্যাগী ও ধ্যানযোগে আরোহণ করিতে ইচ্ছুক, অর্থাৎ ধ্যানযোগে অনারূঢ় (ধ্যানযোগে অবস্থানে অশক্ত), তাঁহার পক্ষে নিষ্কাম কর্মানুষ্ঠানই উৎকৃষ্ট সাধন । সেই নিষ্কাম কর্মী যখন যোগারূঢ় হন, তখন সর্বকর্ম হইতে নিবৃত্তিই তাঁহার যোগারূঢ়ত্বের সাধন হয় । অর্থাৎ যেমন যেমন তিনি কর্ম হইতে উপরত হন, তেমন তেমন তাঁহার চিত্ত সমাহিত হয় এবং তিনি শীঘ্র যোগারূঢ় হন ।

যদা হি নেন্দ্রিয়ার্থেষু ন কর্ম্মস্বনুযজ্যতে।
সর্ব্বসঙ্কল্পসন্ন্যাসী যোগারূঢ়স্তদোচ্যতে।।৪
যখন চিত্ত-সমাধান-অভ্যাসকারী যোগী ঐহিক ও পারত্রিক বিষয়ে সকল সংকল্প ত্যাগ করিয়া শব্দস্পর্শাদি ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে ও নিত্যনৈমিত্তিকাদি কর্মে প্রয়োজনাভাবে কর্তব্যবুদ্ধিশূন্য হন, তখন তাহাকে যোগারূঢ় বলা হয় ।

উদ্দরেদাত্মনাত্মানং নাত্মানমবসাদয়েৎ ।
আত্মৈব হ্যাত্মনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মনঃ।।৫
মানুষ বিবেকযুক্ত মন দ্বারা (আত্মনা) আপনিই আপনাকে সংসার হইতে উদ্ধার করিবে (যোগারুঢ় করিবে); কখনো নিজেকে বিষয়াসক্ত করিবে না । কারণ, শুদ্ধ মনই মানুষের প্রকৃত হিতকারী, মুক্তির হেতু এবং বিষয়াসক্ত মনই মানুষের পরম শত্রু, বন্ধনের কারণ ।
বন্ধুরাত্মাত্মনস্তস্য যেনাত্মৈবাত্মনা জিতঃ।
অনাত্মনস্তু শত্রুত্বে বর্ত্তেতাত্মৈব শত্রুবৎ।।৬
যে বিবেকযুক্ত মন দ্বারা দেহেন্দ্রিয়াদি বশীভূত হইয়াছে, সেই সংযত মনই আত্মার বন্ধু, কারণ উচ্ছৃঙ্খল প্রবৃত্তি রহিত হইয়া সেই মনই মুক্তির সহায়ক হয় । কিন্তু অজিতেন্দ্রিয় ব্যক্তির বিবেকশূন্য মন উচ্ছৃঙ্খল প্রবৃত্তিবশে শত্রুর ন্যায় স্বীয় অনিষ্টসাধনে প্রবৃত্ত হয় ।
জিতাত্মনঃ প্রশান্তস্য পরমাত্মা সমাহিত।
শীতোষ্ণসুখদুঃখেষু তথা মানাপমানয়োঃ।।৭
ব্রহ্ম জিতেন্দ্রিয় ও প্রশান্ত যোগারূঢ় ব্যক্তির সাক্ষাৎ আত্মভাবে বর্তমান থাকেন । এইরূপ জীবন্মুক্ত ব্যক্তি শীত ও উষ্ণে, সুখ ও দুঃখে এবং সম্মান ও অপমানে অবিচলিত ।

জ্ঞানবিজ্ঞানতৃপ্তাত্মা কূটস্থো বিজিতেন্দ্রিয়ঃ।
যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলোষ্ট্রাশ্মকাঞ্চনঃ।।৮
কারণ যে যোগী শাস্ত্রজ্ঞান ও তত্ত্বানুভূতিতে পরিতৃপ্ত, যিনি শীতোষ্ণাদি দ্বন্দ্বে নির্বিকার ও জিতেন্দ্রিয় এবং যিনি মৃৎখণ্ড, প্রস্তর ও সুবর্ণে সমদর্শী (হেয়-উপাদেয়-বুদ্ধিশূন্য), তিনি যোগারূঢ় বলিয়া কথিত হন ।

সুহৃন্মিত্রার্ষ্যুদাসীনমধ্যস্থদ্বেষ্যবন্ধুষু।
সাধুষ্বপি চ পাপেষু সমবুদ্ধির্বিশিষ্যতে।।৯
সুহৃৎ, মিত্র, শত্রু, উদাসীন, দ্বেষ্য, বন্ধু, সদাচারী ও পাপীতে যাঁহার সমবুদ্ধি (ব্রহ্মবুদ্ধি) সুদৃঢ় হইয়াছে, তিনিই যোগারূঢ় ।

যোগী যুঞ্জীত সততমাত্মানং রহসি স্থিতঃ
একাকী যতচিত্তাত্মা নিরাশীরপরিগ্রহঃ।।১০
নির্জন স্থানে যোগী একাকি (নিঃসঙ্গ), নিরাকাঙ্ক্ষ ও পরিগ্রশূন্য হইয়া দেহ ও মন সংযমপূর্বক অন্তঃকরণ সতত সমাহিত করিবেন ।

শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমাসনমাত্মনঃ।
নাত্যুচ্ছ্রি তং নাতিনীচং চেলাজিনকুশোত্তরম্।।১১
স্বভাবতঃ বা সংস্কারতঃ শুদ্ধ (ও বিবিক্ত) স্থানে যোগী প্রথমে কুশ, তদুপরি যথাক্রমে মৃগচর্ম ও বস্ত্রদ্বারা রচিত নাতি উচ্চ বা নাতি নিম্ন স্বীয় স্থির আসন স্থাপন করিবেন ।

তত্রৈকাগ্রং মনঃ কৃত্বা যতচিত্তেন্দ্রিয়ক্রিয়ঃ।
উপবিশ্যাসনে যুঞ্জ্যাদ্ যোগমাত্মবিশুদ্ধয়ে।।১২
যোগী সেই আসনে বসিয়া বাহ্য ও অন্তরিন্দ্রিয়ের কার্য সংযমপূর্বক চিত্তশুদ্ধির জন্য একাগ্র মনে যোগাভ্যাস করিবেন ।

সমং কায়শিরোগ্রীবং ধারয়ন্নচলং স্থিরঃ।
সংপ্রেক্ষ্য নাসিকাগ্রং স্বং দিশশ্চানবলোকয়ন্।।১৩
মেরুদণ্ড, গ্রীবা ও মস্তক সরল ও নিশ্চলভাবে ধারণপূর্বক স্থির হইয়া এবং কোন দিকে না তাকাইয়া স্বীয় নাসিকাগ্রে দৃষ্টি নিবদ্ধ করিবেন । ১৩

প্রশান্তাত্মা বিগতভীর্ব্রহ্মচারিব্রতে স্থিতঃ।
মনঃ সংযম্য মচ্চিত্তো যুক্ত আসীত মৎপরঃ।।১৪
প্রশান্তচিত্ত, ভয়রহিত, ব্রহ্মচর্য পালন ও গুরুসেবাদি ব্রতে স্থিত, মদ্গতচিত্ত ও মৎপরায়ণ যোগী মন একাগ্র করিয়া নিত্য ধ্যানাভ্যাস করিবেন ।

যুঞ্জন্নেবং সদাত্মানং যোগীনিয়তমানসঃ।
শান্তিং নির্ব্বাণপরমাং মৎসংস্থামধিগচ্ছতি।।১৫
[যোগের ফল বলিতেছেন - ] যোগী এইরূপে সদা সংযতভাবে মন সমাহিত করিয়া আমার স্বরূপভূত মোক্ষপ্রদ পরম শান্তি প্রাপ্ত হন ।
নাত্যশ্নতস্তু যোগোহস্তি ন চৈকান্তমনশ্নতঃ।
ন চাতিস্বপ্নশীলস্য জাগ্রতো নৈব চার্জ্জুন।।১৬
অতিভোজির, একান্ত অনাহারীর, অত্যন্ত নিদ্রালুর এবং অতি অনিদ্রা-অভ্যাসীর ধ্যান হয় না ।

যুক্তাহারবিহারস্য যুক্তচেষ্টস্য কর্ম্মসু।
যুক্তস্বপ্নাববোধস্য যোগো ভবতি দুঃখহা।।১৭
যিনি পরিমিত আহার ও বিহার করেন এবং মন্ত্রজপ শাস্ত্রপাঠাদি কর্মে পরিমিত প্রচেষ্টা করেন, যাঁহার নিদ্রা ও জাগরণ নিয়মিত (কালে ও পরিমাণে নির্দিষ্ট), তাঁহার ধ্যান সংসারদুঃখের নাশক হয় ।

যদা বিনিয়তং চিত্তমাত্মন্যেবাবতিষ্ঠতে।
নিস্পৃহঃ সর্ব্বকামেভ্যো যুক্ত ইত্যুচ্যতে তদা।।১৮
যখন যোগী সকল কামনা হইতে মুক্ত হন এবং তাঁহার চিত্ত বাহ্য চিন্তা পরিত্যাগপুর্বক বৃত্তিরহিত হইয়া আত্মাতে অবস্থান করে, তখন তাঁহার (সম্প্রজ্ঞাত) সমাধি হয় ।

যথা দীপো নিবাতস্থো নেঙ্গতে সোপমা স্মৃতা।
যোগিনো যতচিত্তস্য যুঞ্জতো যোগমাত্মনঃ।।১৯
বায়ুবর্জিত স্থানে অবস্থিত দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তির নিরোধ-অভ্যাসকারী যোগীর একাগ্রীভূত চিত্তেরও সেই উপমা জানিবে, অর্থাৎ যোগীর নিরুদ্ধ চিত্ত সবিকল্প সমাধিতে সেইরূপ নিষ্কম্প দীপশিখার ন্যায় নিশ্চলভাবে অবস্থিত থাকে ।

যত্রোপরমতে চিত্তং নিরুদ্ধং যোগসেবয়া।
যত্র চৌবাত্মনাত্মানং পশ্যন্নাত্মনি তুষ্যতি।।২০
 যে অবস্থায় ধ্যানাভ্যাস দ্বারা চিত্ত সর্ববৃত্তিশূন্য হয় এবং যে অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা পরম চৈতন্য জ্যোতিঃস্বরূপ আত্মাকে উপলব্ধি করিয়া যোগী প্রত্যগাত্মাতেই পরিতুষ্ট হন ।

সুখমাত্যন্তিকং যত্তদ্ বুদ্ধিগ্রাহ্যমতীন্দ্রিয়ম্।
বেত্তি যত্র ন চৌবায়ং স্থিতশ্চলতি তত্ত্বতঃ।।২১
যে অবস্থায় আত্মাকারা বুদ্ধি দ্বারা গ্রাহ্য ও ইন্দ্রিয়গোচরাতীত অর্থাৎ অবিষয়জনিত ব্রহ্মানন্দরূপ পরমসুখ যোগী অনুভব করেন, এবং যাহাতে অবস্থিত হইলে আত্মস্বরূপে সংস্থিতি হইতে বিন্দুমাত্র বিচলিত হন না,

যং লব্ধ্বা চাপরং লাভং মন্যতে নাধিকং ততঃ।
যস্মিন্ স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিচাল্যতে।।২২
যাহা লাভ করিয়া যোগী অন্য লাভ তদপেক্ষা অধিক মনে করেন না এবং যে আত্মতত্ত্বে অবস্থিত হইয়া শস্ত্রনিপাতাদিরূপ মহাদুঃখেও বিচলিত হন না (অপরিপক্ক যোগে দুঃখ অসহ্য হয়),

তং বিদ্যাদ্দুঃখসংযোগবিয়োগং যোগসংজ্ঞিতম্।
স নিশ্চয়েন যোক্তব্যো যোগোহনির্ব্বিণ্নচেতসা।।২৩
নিখিল দুঃখের আত্যন্তিক নিবৃতিরূপ সেই আত্মস্থিতিকে (ব্রাহ্মী-স্থিতিকে) অসম্প্রজ্ঞাত সমাধি বলিয়া জানিবে । নির্বেদশূন্য চিত্তে অধ্যবসায় সহকারে এই সমাধি অভ্যাস করা উচিত ।

সংকল্পপ্রভবান্ কামাংস্ত্যক্ত্বা সর্ব্বানশেষতঃ।
মনসৈবেন্দ্রিয়গ্রামং বিনিয়ম্য সমন্ততঃ।।২৪

সংকল্পজাত সমস্ত কামনা নিঃশেষে ত্যাগ করিয়া মনের দ্বারাই ইন্দ্রিয়সমূহকে সকল বিষয় হইতে নিবৃত করিয়া,  

শনৈঃ শনৈরুপরমেদ্ বুদ্ধ্যা ধৃতিগৃহীতয়া।
আত্মসংস্থং মনঃ কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ।।২৫
ধৈর্যযুক্ত বুদ্ধি দ্বারা মনকে ধীরে ধীরে উপরত করিবে এবং আত্মাতে মনকে বিলীন করিয়া অন্য কিছুই চিন্তা করিবে না । ইহাই অসম্প্রজ্ঞাত সমাধির অন্তরঙ্গ সাধন ।

যতো যতো নিশ্চরতি মনশ্চঞ্চলমস্থিরম্।
ততস্ততো নিয়ম্যৈতদাত্মন্যেব বশং নয়েৎ।।২৬
সমাধিসাধনে প্রবৃত্ত যোগী চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় হইতে নিবৃত্ত করিয়া ইহাকে আত্মাতেই স্থির করিবেন ।

প্রশান্তমনসং হ্যেনং যোগিনং সুখমুত্তমম্।
উপৈতি শান্তরজসং ব্রহ্মভূতমকল্মষম্।।২৭
প্রশান্তচিত্ত, মোহাদি ক্লেশরূপ রজোবৃত্তিশূন্য, নিষ্পাপ ও ব্রহ্মভাব-প্রাপ্ত যোগীই পরম সুখ লাভ করেন ।

যুঞ্জন্নেবং সদাত্মানং যোগী বিগতকল্মষঃ।
সুখেন ব্রহ্মসংস্পর্শমত্যন্তং সুখমশ্নুতে।।২৮
এইরূপে মনকে সদা যোগমুক্ত করিয়া নিষ্পাপ যোগী অনায়াসে ব্রহ্ম হইতে অভিন্ন আত্যন্তিকি শান্তি লাভ করেন ।

সর্ব্বভূতস্থমাত্মানং সর্ব্বভূতানি চাত্মনি।
ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্ব্বত্র সমদর্শনঃ।।২৯
সমাধিমান পুরুষ সর্বভূতে ব্রহ্মদর্শী হইয়া স্বীয় আত্মাকে ব্রহ্মাদিস্থাবরান্ত সর্বভূতে এবং সর্বভূতকে স্বীয় আত্মাতে দর্শন করেন ।

যো মাং পশ্যতি সর্ব্বত্র সর্ব্বং চ ময়ি পশ্যতি।
তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি।।৩০
যিনি সর্বভূতে সকলের আত্মা আমাকে এবং সর্বাত্মা আমাতে ব্রহ্মাদি সর্বভূতকে দর্শন করেন, তাঁহার ও আমার একাত্মতা হেতু আমি তাঁহার অদৃশ্য হই না এবং তিনিও আমার অদৃশ্য (পরোক্ষ) হন না ।

সর্ব্বভূতস্থিতং যো মাং ভজত্যেকত্বমাস্থিতঃ।
সর্ব্বথা বর্ত্তমানোহপি স যোগী ময়ি বর্ত্ততে।।৩১
যিনি সর্বভূতে প্রত্যগাত্মরূপে অবস্থিত আমাকে স্বীয় আত্মরূপে অভেদজ্ঞানে ভজনা করেন, অর্থাৎ আমিই সেই - এইরূপ অপরোক্ষানুভব করেন, সেই যোগী যে কোন অবস্থায় বিদ্যমান থাকিয়াও আমাতেই অবস্থিত করেন; তাঁহার মোক্ষের প্রতিবন্ধক কিছুই হইতে পারে না ।

আত্মৌপম্যেন সর্ব্বত্র সমং পশ্যতি যোহর্জ্জুন।
সুখং বা যদি বা দুঃখং স যোগী পরমো মতঃ।।৩২
হে অর্জুন, যিনি সকল ভূতের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখ বলিয়া অনুভব করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী ।

অর্জ্জুন উবাচ -

যোহয়ং যোগস্ত্বয়া প্রোক্তঃ সাম্যেন মধুসূদন।
এতস্যাহং ন পশ্যামি চঞ্চলত্বাৎ স্থিতিং স্থিরাম্।।৩৩
অর্জুন বলিলেন - হে মধুসূদন, সম্যগ্‌দর্শনরূপ যে সমত্বযোগ আপনি ব্যাখ্যা করিলেন, আমার মনের চঞ্চল স্বভাববশতঃ আমি ইহার নিশ্চল স্থিতি দেখিতে পাইতেছি না ।
চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ম্।
তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম্।।৩৪
হে কৃষ্ণ, মন অতি চঞ্চল, প্রবল এবং শরীর ও ইন্দ্রিয়াদির বিক্ষেপ-উৎপাদক । ইহাকে বিষয়বাসনা হইতে নিবৃত্ত করা অতিশয় কঠিন । সেইজন্য উহার নিরোধ আকাশস্থ বায়ুকে পাত্রবিশেষে আবদ্ধ করার ন্যায় দুঃসাধ্য মনে করি ।

ভবগান্ উবাচ -

অসংশয়ং মহাবাহো মনো দুর্নিগ্রহং চলম্।
অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহ্যতে।।৩৫
শ্রীভগবান্‌ বলিলেন - হে মহাবাহো, মন যে দুর্নিরোধ ও চঞ্চল তাহাতে কোন সন্দেহ নাই । কিন্তু হে কৌন্তেয়, ধ্যানাভ্যাস এবং ঐহিক ও পারলৌকিক বিষয়ভোগে বিতৃষ্ণা সাধন দ্বারা ইহাকে সংযত করা যায় ।

অসংযতাত্মনা যোগো দুস্প্রাপ ইতি মে মতিঃ।
বশ্যাত্মনা তু যততা শক্যোহবাপ্তুমুপায়তঃ।।৩৬
অসংযত ব্যক্তির পক্ষে সমাধি দুষ্প্রাপ্য - ইহা আমার অভিমত । কিন্তু পুনঃ পুনঃ যত্নশীল ও জিতেন্দ্রিয় ব্যক্তি ধ্যানাভ্যাস ও বৈরাগ্যসাধন দ্বারা এই সমাধি লাভ করিতে পারেন ।

অর্জ্জুন উবাচ -

অযতিঃ শ্রদ্ধয়োপেতো যোগাচ্চলিতমানসঃ।
অপ্রাপ্য যোগসংসিদ্ধিং কাং গতিং কৃষ্ণ গচ্ছতি।।৩৭

অর্জুন জিজ্ঞাসা করিলেন - হে কৃষ্ণ, শ্রদ্ধাবান্‌ সম্যক্‌ যত্নহীন যোগচ্যুত যোগী যোগে সিদ্ধিলাভ না করিলে কোন্‌ মার্গে গমন করেন ?

কচ্চিন্নোভয়বিভ্রষ্টশ্ছন্নাভ্রমিব নশ্যতি।
অপ্রতিষ্ঠো মহাবাহো বিমুঢ়ো ব্রহ্মণঃ পথি।।৩৮
হে কৃষ্ণ, ব্রহ্মপ্রাপ্তির পথে কর্মমার্গ ও ধ্যানমার্গ হইতে বিভ্রষ্ট, বিমূঢ় ও নিরাশ্রয় যোগী সংচ্ছিন্ন মেঘখণ্ডের ন্যায় কি বিনষ্ট হন ?

এতন্মে সংশয়ং কৃষ্ণ ছেত্তুমর্হস্যশেষতঃ
ত্বদন্যঃ সংশয়স্যাস্য ছেত্তা ন হ্যুপপদ্যতে।।৩৯
হে কৃষ্ণ, আমার এই সংশয় নিঃশেষে দূর করিতে একমাত্র আপনিই সমর্থ । কারণ আপনি ভিন্ন অন্য কোনও ঋষি বা দেবতা আমার এই সংশয় দূর করিতে পারিবেন না ।

শ্রীভগবান্ উবাচ -

পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে।
নহি কল্যাণকৃৎ কশ্চিদ্দুর্গতিং তাত গচ্ছতি।।৪০
শ্রীভগবান্‌ বলিলেন - হে পার্থ, বৈদিক কর্মত্যাগ করা সত্ত্বেও যোগভ্রষ্ট ব্যক্তি ইহলোকে পতিত বা নিন্দিত হন না, পরলোকেও নিকৃষ্ট শরীর প্রাপ্ত হন না। হে বৎস, ইহার কারণ, কল্যাণকারীর কখনও অধোগতি হয় না ।

প্রাপ্য পুণ্যকৃতাং লোকানুষিত্বা শাশ্বতীঃ সমাঃ।
শুচীনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্টোহভিজায়তে।।৪১
যোগভ্রষ্ট ব্যক্তি (অল্পকাল যোগাভ্যাসী) পুণ্যকারিগণের প্রাপ্য ব্রহ্মলোকাদি ঊর্ধ্বলোক লাভ করিয়া তথায় বহু বৎসর বাস করেন। অনন্তর সদাচারসম্পন্ন ধনীর গৃহে জন্মগ্রহণ করেন ।

অথবা যোগিনামেব কুলে ভবতি ধীমতাম্।
এতদ্ধি দুর্ল্লভতরং লোকে জন্ম যদীদৃশম্।।৪২
অথবা, যোগভ্রষ্ট পুরুষ (চিরাভ্যস্ত) জ্ঞানবান্‌ যোগিগণের কুলে জন্মগ্রহণ করেন । ঈদৃশ (দ্বিতীয় প্রকার) জন্ম জগতে অতি দুর্লভ ।

তত্র তং বুদ্ধিসংযোগং লভতে পৌর্ব্বদেহিকম্।
যততে চ ততো ভূয়ঃ সংসিদ্ধৌ কুরুনন্দন।।৪৩
হে কুরুনন্দন, যোগভ্রষ্ট পুরুষ সেই দেহে পূর্ব জন্মের সুকৃতির ফলে মোক্ষপর বুদ্ধি লাভ করিয়া সিদ্ধিলাভের জন্য অধিকতর প্রযত্ন করেন ।

পুর্ব্বাভ্যাসেন তেনৈব হ্রিয়তে হ্যবশোহপি সঃ।
জিজ্ঞাসুরপি যোগস্য শব্দব্রহ্মাতিবর্ত্ততে।।৪৪
তিনি (যোগভ্রষ্ট) পূর্বজন্মের অভ্যাসবশে যেন অবশ হইয়াও যোগসাধনে প্রবৃত্ত হন । যোগের স্বরূপ জানিতে ইচ্ছুক হইয়া যোগমার্গে প্রবৃত্ত যোগভ্রষ্টও বেদোক্ত যজ্ঞানুষ্ঠানের ফল অতিক্রম করেন । আর যিনি যোগের স্বরূপ জানিয়া তন্নিষ্ঠ হইয়া যোগাভ্যাস করেন, তাঁহার সাফল্যের নিশ্চয়তা বলাই বাহুল্য ।

প্রযত্নাত্ যতমানস্তু যোগী সংশুদ্ধকিল্বিহঃ।
অনেকজন্মসংসিদ্ধস্ততো যাতি পরাং গতিম্।।৪৫
যোগী ইহজন্মে পূর্বজন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করিয়া পাপমুক্ত হইয়া পূর্ব পূর্ব জন্মের সাধনসঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধিলাভ করিয়া মোক্ষপ্রাপ্ত হন ।

তপস্বিভ্যোহধিকো যোগী জ্ঞানিভ্যোহপি মতোহধিকঃ।
কর্স্মিভ্যশ্চাধিকো যোগী তস্মাদ্ যোগী ভবার্জ্জুন।।৪৬
যোগী কৃচ্ছ্র চান্দ্রায়ণাদি তপোনিষ্ঠ ব্যক্তিগণ অপেক্ষা শ্রেষ্ঠ । শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ অপেক্ষা এবং অগ্নিহোত্রাদি যজ্ঞপরায়ণ কর্মিগণ অপেক্ষাও যোগী শ্রেষ্ঠ । অতএব হে অর্জুন, তুমি যোগী হও ।

যোগিনামপি সর্ব্বেষাং মদ্গতেনান্তরাত্মনা।
শ্রদ্ধাবান্ ভজতে যো মাং স মে যুক্ততমো মতঃ।।৪৭
যিনি শ্রদ্ধার সহিত মদ্গত চিত্তে আমার ভজনা করেন, তিনি দেবতাদিধ্যানপর সকল যোগীর মধ্যে উৎকৃষ্ট,ইহা আমার অভিমত।

ভগবান্‌ ব্যাসকৃত লক্ষশ্লোকী শ্রীমহাভারতের ভীষ্মপর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবদ্গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যাবিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুনসংবাদে ধ্যানযোগনামক ষষ্ঠ অধ্যায় সমাপ্ত ।

3 comments:

  1. শ্রীভগবান্‌ বলিলেন - কর্মফলের আশা না করিয়া যিনি কর্তব্য (অগ্নিহোত্রাদি) নিত্যকর্ম করেন, তিনিও সন্ন্যাসী, তিনিও কর্মযোগী ।
    This is nice. Its a first time in bangla.
    we want full শ্রীমদ্ভগবদ্‌গীতা.

    ReplyDelete
  2. যিনি কিছু আকাঙ্ক্ষা করেন না, রাগ-দ্বেষও করেন না, তাঁহাকে নিত্যসন্ন্যাসী জানিও; তাদৃশ রাগ-দ্বেষাদি-দ্বন্দ্বশূন্য শুদ্ধচিত্ত পুরুষ অনায়াসে সংসারবন্ধন হইতে মুক্তি লাভ করেন ।

    ReplyDelete
  3. সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য অবশ্যই গীতা অধ্যায়ন করা উচিৎ। হিন্দুধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। শান্তির ধর্ম।

    ReplyDelete