Friday, September 9, 2016

শ্রীমদ্ভগবদ্‌গীতা : অষ্টাদশ অধ্যায় – মোক্ষযোগ

শ্রীমদ্ভগবদ্‌গীতা : অষ্টাদশ অধ্যায় – মোক্ষযোগ


[এই অধ্যায়ে সমস্ত গীতাশাস্ত্রার্থের উপসংহারপূর্বক সমগ্র বেদার্থ বলা হইতেছে ।]

অর্জুন বলিলেন - হে মহাবাহো, হে হৃষিকেশ, হে কেশিনিষূদন, আমি সন্ন্যাস-শব্দের ও ত্যাগ-শব্দের তত্ত্ব (অর্থ) পৃথকভাবে জানিতে ইচ্ছা করি । ১

শ্রীভগবান্‌ বলিলেন - স্বর্গাদি ফলপ্রদ অশ্বমেধাদি কাম্য কর্মের পরিত্যাগকেই (অনুষ্ঠানকেই) পণ্ডিতগণের কেহ কেহ সন্ন্যাস বলিয়া জানেন । যে সকল নিত্য বা নৈমিত্তিক কর্ম অনুষ্ঠিত হইয়া থাকে, তাহাদের যে ফল অনুষ্ঠাতার হইবার সম্ভাবনা আছে, সেই ফলের আকাঙ্ক্ষা-পরিত্যাগকে জ্ঞানিগণ ত্যাগ বলিয়া থাকেন । ২

[ত্যাগ ও সন্ন্যাস শব্দের 'পরিত্যাগ'রূপ যে অর্থ, তাহা একই; ঘট ও পট শব্দের অর্থের ন্যায় বিভিন্ন নহে । এই অভিপ্রায়ে বলিতেছেন -]

সাংখ্যবাদিগণ বলেন - কর্মমাত্রই বন্ধনের কারণ । অতএব সকলেরই সর্ব কর্ম ত্যাগ করা উচিত । কিন্তু মীমাংসকগণ বলেন - যজ্ঞ, দান ও তপস্যারূপ বিহিত কর্ম কাহারও পক্ষে ত্যাগ করা উচিত নয় । কারণ, বিহিত কর্মত্যাগে প্রত্যবায় হয় । ৩

হে ভরতশ্রেষ্ঠ, সেই ত্যাগ ও সন্ন্যাসরূপ বিকল্প বিষয়ে আমার সিদ্ধান্ত শ্রবণ কর । হে পুরুষব্যাঘ্র, ত্যাগ-ও সন্ন্যাস-শব্দবাচ্য যে অর্থ, তাহা তামসাদিভেদে শাস্ত্রে ত্রিবিধ কথিত হইয়াছে । ৪

যজ্ঞ-দান-ও তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিত নয় । এই সকল কর্ম করাই উচিত । কারণ, ইহারা ফলাকাঙ্ক্ষাত্যাগী মনীষিগণের চিত্তশুদ্ধিকারক । ৫

হে পার্থ, ফলকামনাপূর্বক অনুষ্ঠিত যজ্ঞাদি কর্মবন্ধনের কারণ হইলেও আসক্তি ও ফলকামনা ত্যাগ করিয়া এই সকল কর্ম অবশ্য কর্তব্য । ইহাই আমার নিশ্চিত ও উত্তম মত । ৬

অবশ্যকর্তব্য নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয় । কারণ, নিত্যকর্ম চিত্তশুদ্ধিকর । অজ্ঞানবশতঃ নিত্যকর্ম ত্যাগ করাকে তামস ত্যাগ বলে । ৭

কর্ম দুঃখকর মনে করিয়া যিনি দৈহিক ক্লেশের ভয়ে কর্ম ত্যাগ করেন - তিনি এই রাজসিক ত্যাগ করিয়া জ্ঞানসংযুক্ত সর্বকর্মত্যাগের মোক্ষফল লাভ করিতে পারেন না । ৮

হে অর্জুন, কর্তৃত্বাভিনিবেশরূপ আসক্তি ও ফলকামনা ত্যাগ করিয়া কেবল কর্তব্যবোধে যে বিহিত কর্ম অনুষ্ঠিত হয়, কর্মাসক্তি ও কর্মফলের সেই ত্যাগকে সাত্ত্বিক ত্যাগ বলে । ৯

কর্মে আসক্তি ও কর্মফল ত্যাগপূর্বক নিষ্কাম কর্মের অনুষ্ঠাতা যখন আত্মা ও অনাত্মার বিবেকের কারণ যে সত্ত্বগুণ, তদ্‌যুক্ত হইয়া আত্মজ্ঞান লাভ করেন এবং অবিদ্যাকৃত সর্বসংশয় হইতে মুক্ত হন, অর্থাৎ আত্মস্বরূপে অবস্থানই মুক্তির একমাত্র উপায় - এইরূপ নিশ্চয়বুদ্ধি লাভ করেন, তখন তিনি কাম্য কর্মে দ্বেষ করেন না ও নিত্যকর্মে আসক্ত হন না । ১০

যেহেতু দেহাভিমানী ব্যক্তিগণ নিঃশেষরূপে সকল কর্ম ত্যাগ করিতে পারেন না, সেই জন্য যিনি কর্মফলে বাসনা ত্যাগ করেন, তিনি ত্যাগী বলিয়া কথিত হন । ১১

ধর্মাধর্মরূপ কর্মের দেবাদিজন্মরূপ ইষ্ট, পশ্বাদিজন্মরূপ অনিষ্ট ও মানবজন্মরূপ মিশ্র - এই তিন প্রকার ফল দেহাভিমানী আত্মজ্ঞানহীনদিগেরই হইয়া থাকে । কিন্তু দেহাত্মবুদ্ধিরহিত জ্ঞানীদিগের কোন কর্মফল ভোগ করিতে হয় না । ১২

হে মহাবাহো, কর্মকাণ্ডের অন্তরূপ বেদান্তে সর্বকর্ম সম্পাদনের এই পাঁচটি কারণ নিরূপিত হইয়াছে । এইগুলি আমার নিকট অবগত হও । ১৩

শরীর, অহঙ্কার এবং বুদ্ধি ও মন সহ সকল ইন্দ্রিয় (পঞ্চ কর্মেন্দ্রিয় ও পঞ্চ জ্ঞানেন্দ্রিয়), প্রাণাদির বিবিধ কার্য এবং চক্ষুরাদি ইন্দ্রিয়ের আদিত্যাদি অধিষ্ঠাত্রী দেবতা - এই পাঁচটি সর্বকর্মের কারণ । ১৪

শরীর, মন ও বাক্য দ্বারা মানুষ যে সৎ বা অসৎ কর্ম করে, সেই সমস্ত কর্মেরই কারণ এই পাঁচটি । ১৫

যেহেতু দেহাদি পাঁচটি কারণের দ্বারাই কায়িক, বাচিক ও মানসিক সমস্ত কর্ম সম্পাদিত হয়, সেইজন্য যিনি শুদ্ধ অকর্তা আত্মাকে অসংস্কৃত বুদ্ধিহেতু অধিষ্ঠানাদি পঞ্চ কারণ দ্বারা ক্রিয়মাণ কর্মের কর্তা বলিয়া মনে করেন, সেই ভ্রান্তবুদ্ধি ব্যক্তি সম্যগ্‌-দর্শী নহেন, অর্থাৎ আত্মতত্ত্ব বা কর্মতত্ত্ব অবগত নহেন । ১৬

আমি কর্ত্তা এই অভিমান যাঁহার নাই এবং যাঁহার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি জগতের সমস্ত প্রাণী হত্যা করিলেও হত্যাকারী হন না, বা হত্যাক্রিয়ার ফলে আবদ্ধ হন না । ১৭

জ্ঞান, জ্ঞেয় ও জ্ঞাতা সকল ক্রিয়ার ত্রিবিধ প্রবর্তক । কারণ, এই তিনটি একত্র হইলেই সকল ক্রিয়া আরম্ভ হয় । এবং করণ (ইন্দ্রিয়), কর্ম (ক্রিয়া) ও কর্তা (করণের প্রযোক্তা) - এই তিনটিতে সর্বক্রিয়া সংগৃহীত, সমবেত । অতএব আত্মা কোন কর্মের প্রবর্তক বা আশ্রয় নহেন । ১৮

[ক্রিয়া, কারক ও ফল সব ত্রিগুণাত্মকই । অতএব গুণানুসারে তাহাদের ভেদ ত্রিবিধই । ইহা নির্দিষ্ট হইতেছে ।]

কপিলের সাংখ্য-শাস্ত্রে জ্ঞান, কর্ম (ক্রিয়া) ও কর্তা - সত্ত্ব, রজঃ ও তমঃ এই ত্রিগুণভেদে তিন প্রকারই কথিত হইয়াছে । সেই সকল ও ত্রিগুণকৃত তাহাদের ভেদসমূহ যথাযথরূপে শ্রবণ কর । ১৯

যে জ্ঞান দ্বারা অব্যক্ত হইতে স্থাবর পর্যন্ত বহুধা বিভক্ত সর্বভূতে এক অবিভক্ত অক্ষর আত্মবস্তু দৃষ্ট হন, সেই অদ্বৈত আত্মদর্শনরূপ সম্যক্‌ জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলে । ২০

কিন্তু যে জ্ঞান দ্বারা প্রতিদেহে পৃথগ্‌ভাবে অবস্থিত সকল প্রাণি-শরীরে পরস্পর বিলক্ষণ (সুখদুঃখাদিবৈলক্ষণ্যবশতঃ) ভিন্ন ভিন্ন আত্মার দর্শন হয়, তাহা রাজসিক জ্ঞান বলিয়া জানিবে । ২১

যে জ্ঞান দ্বারা কোন একটি দেহে বা প্রতিমাতে সম্পূর্ণ আত্মা বা ঈশ্বর আছেন - এইরূপ অভিনিবেশ হয়, সেই অযৌক্তিক, অযথার্থ এবং তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে । ২২

ফলাভিলাষরহিত ব্যক্তি রাগ বা দ্বেষ বর্জনপূর্বক আসক্তিশূন্য হইয়া যাগ, দান ও হোমাদিরূপ যে নিত্যকর্ম করেন, তাহাকে সাত্ত্বিক কর্ম বলে । ২৩

এবং ফলকামনা বা অহঙ্কারযুক্ত হইয়া বহু কষ্টসাধ্য যে যাগাদি কর্মের অনুষ্ঠান করা হয়, সেই সকল কর্ম রাজসিক বলিয়া কথিত হয় । ২৪

ভাবী শুভাশুভ ফল, ধনক্ষয় বা শক্তিক্ষয়, পরপীড়া ও স্বসামর্থ্য বিচার না করিয়া অবিবেকবশতঃ যে যাগাদি কর্ম করা হয়, তাহা তামসিক বলিয়া উক্ত হয় । ২৫

ফলে অনাসক্ত, কর্তৃত্বাভিমানরহিত, ধৃতিশীল ও উদ্যমযুক্ত, ক্রিয়মাণ কর্মের সিদ্ধিতে হর্ষহীন বা অসিদ্ধিতে বিষাদশূন্য কর্তা সাত্ত্বিক বলিয়া কথিত হন । ২৬

বাসনাকুল-চিত্ত, কর্মফলাকাঙ্ক্ষী, পরদ্রব্যে লোভী এবং তীর্থাদিতে স্বীয়দ্রব্যদানে অনিচ্ছুক, পরপীড়ক, বাহ্যান্তর-শৌচহীন, ইষ্টপ্রাপ্তিতে হর্ষযুক্ত এবং অনিষ্টপ্রাপ্তিতে ও ইষ্টবিয়োগে শোকযুক্ত কর্তা রাজসিক বলিয়া কথিত হন । ২৭

বিষয়-বিক্ষিপ্ত-চিত্তহেতু অসমাহিত, বালকবৎ অত্যন্ত অসংস্কৃতবুদ্ধি, অনম্র, বঞ্চক, স্বার্থবশতঃ পরবৃত্তিচ্ছেদনকারী, কর্তব্যে প্রবৃত্তিহীন, সদা অবসন্নস্বভাব ও দীর্ঘসূত্রী কর্তা তামস বলিয়া কথিত হন । ২৮

হে ধনঞ্জয়, সত্ত্ব, রজঃ ও তমোগুণানুসারে বুদ্ধি ও ধৃতির তিন প্রকার ভেদ পৃথক্‌ পৃথগ্‌ভাবে নিঃশেষে বলিতেছি শ্রবণ কর । ২৯

হে পার্থ, প্রবৃত্তিমার্গ ও নিবৃত্তিমার্গ, কর্তব্য (বিহিত কর্ম) ও অকর্তব্য (নিষিদ্ধ কর্ম), ভয়ের কারণ - সংসারপ্রসূ অজ্ঞান এবং অভয়ের কারণ - সংসারনাশক জ্ঞান, সহেতুক বন্ধন এবং সহেতুক মোক্ষ - এই সকল বিষয় যে বুদ্ধির দ্বারা জানা যায়, তাহা সাত্ত্বিক বুদ্ধি । ৩০

হে পার্থ, যে বুদ্ধি দ্বারা শাস্ত্রবিহিত ও শাস্ত্রনিষিদ্ধ কর্ম এবং কর্তব্য ও অকর্তব্য যথাযথরূপে (সম্পূর্ণ নির্ণয়পূর্বক, নিঃসন্দেহরূপে) জানিতে পারা যায় না, তাহা রাজসিক বুদ্ধি । ৩১

হে পার্থ, যে বুদ্ধি তমোগুণে আচ্ছন্ন হইয়া অধর্মকে ধর্ম মনে করে এবং সকল বিষয় বিপরীতভাবে বোঝে তাহা তামসিক বুদ্ধি । ৩২

হে পার্থ, ব্রহ্মে নিত্যসমাধি-অনুগতা ধৃতি দ্বারা মন, প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়াসমূহ শাস্ত্রমার্গে বিধৃত হয়, ইহাই যোগের দ্বারা ধৃতি । এই প্রকার ধৃতিই সাত্ত্বিকী । ৩৩

হে পার্থ, মনুষ্য যে ধৃতি দ্বারা ধর্ম, অর্থ ও কামকে নিত্য কর্তব্যরূপে অবধারণ করে এবং উক্ত ধর্মাদিসম্পাদনকালে কর্তৃত্বাদি-অভিনিবেশপূর্বক ফলাকাঙ্ক্ষী হয়, তাহা রাজসিক ধৃতি । ৩৪

হে পার্থ, দুর্বুদ্ধি ব্যক্তি যে ধৃতি দ্বারা নিদ্রা, ভয়, প্রিয়বিয়োগনিমিত্ত শোক, অবসাদ ও মদ পরিত্যাগ করে না, তাহাদিগকে ধারণ করিয়া থাকে, তাহা তামসিক ধৃতি । ৩৫

[গুণভেদে ক্রিয়া ও কারক ত্রিবিধ বলিয়া এখন তাহাদের ফলের (সুখের) তিন প্রকার ভেদ বলিতেছেন -]

হে অর্জুন, এখন আমার নিকট ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ কর । যে সুখের দীর্ঘ অভ্যাস (অনুশীলন) দ্বারা মানুষ প্রীত ও পরিতৃপ্ত হয় এবং যে সুখ প্রাপ্ত হইলে সব দুঃখ হইতে সম্যগ্‌রূপে মুক্ত হয় । ৩৬

এবং যে সুখ প্রথমে বিষতুল্য দুঃখাত্মক (জ্ঞান, বৈরাগ্য, ধ্যান ও সমাধি দ্বারা লভ্য বলিয়া প্রথমে অত্যন্ত পরিশ্রমসাধ্য ও দুঃখকর) কিন্তু শেষে(জ্ঞান ও বৈরাগ্যাদির পরিপাকে) অমৃততুল্য প্রীতিকর, আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা হইতে উৎপন্ন, সেই সুখ সাত্ত্বিক সুখ বলিয়া কথিত হয় । ৩৭

শব্দাদি বিষয় ও শ্রোত্রাদি ইন্দ্রিয়ের সংযোগ হইতে যে সুখ উৎপন্ন হয়, তাহা প্রথমে অমৃতবৎ, কিন্তু পরিশেষে (বল, বীর্য, রূপ, প্রজ্ঞা, মেধা, ধন ও উৎসাহ নষ্ট করে বলিয়া) বিষতুল্য । সেই সুখ রাজসিক সুখ বলিয়া কথিত হয় । ৩৮

যে সুখ প্রথমে ও পরিণামে সৎ ও অসতের কারণ বুদ্ধির বিবেকশক্তি বিনাশ করে এবং যাহা নিদ্রা, আলস্য ও অনবধানতা হইতে উৎপন্ন হয়, তাহা তামসিক সুখ বলিয়া কথিত । ৩৯

পৃথিবীতে বা স্বর্গে এমন কোন প্রাণী (মনুষ্য বা দেবতা) বা বস্তু নাই, যাহা এই প্রকৃতিজাত ও বন্ধনের কারণ ত্রিগুণ হইতে মুক্ত । ৪০

[ক্রিয়া, কারক ও ফলরূপ সমস্ত সংসার ত্রিগুণাত্মক, অবিদ্যা-পরিকল্পিত ও অনর্থের কারণ । সংসার ত্রিগুণাত্মক, অতএব অনাদি বলিয়া সংসারের অনিবৃত্তির আশঙ্কা হইতে পারে । এইজন্য তাহার নিবৃত্তির উপায় বলিতেছেন এবং সর্ববেদার্থসার গীতাশাস্ত্রের উপসংহার করিতেছেন । পুরুষার্থকামীদের অনুষ্ঠেয় সমস্ত বেদ ও স্মৃতি-শাস্ত্রের অর্থ এখন প্রদর্শিত হইতেছে ।]

হে পরন্তপ, প্রকৃতিজাত (স্বভাবজাত) ত্রিগুণানুসারেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রেরও কর্মসমূহ পৃথক্‌ পৃথগ্‌রূপে বিভক্ত হইয়াছে । ৪১

বাহ্যেন্দ্রিয় ও অন্তরিন্দ্রিয়ের সংযম, কায়িক, বাচিক ও মানসিক তপস্যা; অন্তর্বহিঃ শৌচ, ক্ষমা, সরলতা, শাস্ত্রজ্ঞান ও তত্ত্বানুভূতি এবং শাস্ত্রে ও ভগবানে বিশ্বাস - এই সকল ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম । ৪২

পরাক্রম, তেজ, ধৃতি, কর্মকুশলতা, যুদ্ধে অপরাঙ্মুখতা, দানে মুক্তহস্ততা ও শাসনক্ষমতা - এইগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত (স্বভাবজ সত্ত্বমিশ্র রজোগুণ দ্বারা প্রবিভক্ত) কর্ম । ৪৩

কৃষি, গোরক্ষা ও বাণিজ্য বৈশ্যের স্বভাবজাত (স্বভাবজ তমোমিশ্র রজোগুণ দ্বারা প্রবিভক্ত) কর্ম । পরিচর্যা শূদ্রদিগের স্বভাবজাত (রজোমিশ্র তমোগুণের দ্বারা প্রবিভক্ত) কর্ম । ৪৪

[ব্রাহ্মণাদি জাতিবিহিত এই সকল কর্ম সম্যগ্‌রূপে অনুষ্ঠিত হইলে স্বভাবতঃ স্বর্গরূপ ফলপ্রাপ্তি হয় । কিন্তু স্ব স্ব কর্ম নিষ্কামভাবে অনুষ্ঠিত হইলে কি প্রকারে সিদ্ধিপ্রাপ্তি হয়, তাহাই বলিতেছেন -]

মানুষ নিজ নিজ বর্ণ ও আশ্রমের কর্মে নিরত হইয়া জ্ঞাননিষ্ঠাযোগ্যতারূপ সিদ্ধিলাভ করে । স্বীয় কর্মে তৎপর মানুষ কিরূপে সিদ্ধিলাভ করে তাহা শ্রবণ কর । ৪৫

যে সর্বান্তর্যামী পরমেশ্বর হইতে প্রাণিগণের উৎপত্তি বা কর্মচেষ্টা, যিনি এই সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, তাঁহাকে মানুষ স্বীয় বর্ণাশ্রমের কর্ম দ্বারা অর্চনা করিয়া সিদ্ধিলাভ করে । ৪৬

অতএব, স্বীয় বর্ণ ও আশ্রমবিহিত ধর্ম অঙ্গহীনভাবে অনুষ্ঠিত হইলেও সম্যগ্‌রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ । কারণ, স্বভাবনিয়ত (স্বভাবজ) কর্ম করিলে মানুষ পাপভাগী হয় না । ৪৭

হে কুন্তীপুত্র, দোষযুক্ত হইলেও জন্মনির্দিষ্ট কর্ম (স্বধর্ম) ত্যাগ করা উচিত নয় । কারণ, অগ্নি যেমন ধুমে আচ্ছন্ন হয়, সেইরূপ স্বধর্ম বা পরধর্ম সকল কর্মই ত্রিগুণাত্মক বলিয়া দোষযুক্ত হয় । ৪৮

সকল বিষয়ে অনাসক্ত, সংযতচিত্ত এবং দেহ ও জীবনে ভোগস্পৃহাশূন্য আত্মজ্ঞ ব্যক্তি সম্যগ্‌দর্শন (ব্রহ্মজ্ঞানলাভ) দ্বারা বা তৎপূর্বক সর্বকর্মসন্ন্যাসের দ্বারা নিষ্ক্রিয় আত্মস্বরূপে অবস্থানরূপ (পূর্বোক্ত কর্মজাত সিদ্ধি অপেক্ষা বিলক্ষণ) প্রকৃষ্ট সিদ্ধি (সদ্যোমুক্তি) লাভ করেন । ৪৯

[এখন গীতার নানাস্থানে বর্ণিত জ্ঞাননিষ্ঠার উপসংহারপূর্বক স্বকর্ম দ্বারা ঈশ্বরার্চনজনিত সিদ্ধিপ্রাপ্ত উৎপন্নাত্মবিবেকজ্ঞান ব্যক্তির কেবল আত্মজ্ঞাননিষ্ঠারূপ নৈষ্কর্ম্যসিদ্ধি ক্রমে হয়, ইহা বলা হইতেছে ।]

হে কৌন্তেয়, এইরূপ সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তির (ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা শুদ্রের) জ্ঞাননিষ্ঠাক্রমে ব্রহ্মজ্ঞানের পরমনিষ্ঠা বা পরিসমাপ্তিরূপ ব্রহ্মপ্রাপ্তি হয় । জ্ঞাননিষ্ঠার উক্ত প্রাপ্তিক্রম সংক্ষেপে আমার নিকট শ্রবণ কর । ৫০

আত্মাকে ব্রহ্মরূপে নিশ্চয়পূর্বক সংশয়-ও বিপর্যয়শূন্য বুদ্ধিযুক্ত হইয়া, ধৈর্যের সহিত শরীর ও ইন্দ্রিয় বশীভূত করিয়া, শরীর স্থিতির জন্য মাত্র যাহা প্রয়োজন তদ্‌ব্যতিরিক্ত শব্দাদি বিষয় পরিত্যাগপূর্বক, শরীরস্থিতির উপযোগী বিষয়েও আসক্তি ও দ্বেষ বর্জন করিয়া - ৫১

নির্জন স্থানে অবস্থান ও পরিমিত আহার করিয়া বাক্য, শরীর ও মন সংযত করিয়া, নিত্য (নিরবিচ্ছিন্ন তৈলধারাবৎ) ধ্যাননিষ্ঠা (আত্মস্বরূপচিন্তা) ও যোগপরায়ণ (আত্মবিষয়ে মনের একাগ্রীকরণ)
 হইয়া দৈহিক ও পারত্রিক সকল বিষয়ে বৈরাগ্য অবলম্বন করিয়া - ৫২
দেহেন্দ্রিয়াদিতে আত্মবুদ্ধি, কামরাগাদিযুক্ত বল, দর্প, কাম, ক্রোধ ও পরিগ্রহ (শরীরধারণপ্রসঙ্গে অথবা ধর্মানুষ্ঠানের জন্য অন্য দ্বারা আনীত সকল বস্তু) ত্যাগ করিয়া দেহে ও জীবনে মমতাবর্জিত এবং চিত্তবিক্ষেপশূন্য যতি এই জীবনেই ব্রহ্মজ্ঞানলাভে সমর্থ হন । ৫৩

এইক্রমে ব্রহ্মভূত ও অন্তরাত্মাতে আবির্ভূত আনন্দ প্রাপ্ত হইয়া যতি কোন বিষয়ে শোক করেন না এবং কিছুই আকাঙ্ক্ষাও করেন না । তিনি সর্বভূতের সুখ ও দুঃখ নিজের সুখ ও দুঃখের ন্যায় দর্শন করেন । এইরূপ জ্ঞাননিষ্ঠ ব্যক্তি মদ্বিষয়ক জ্ঞানরূপ উত্তম ভক্তিলাভ করেন । ৫৪

উক্ত জ্ঞানলক্ষণা ভক্তি দ্বারা তিনি আমাকে জানেন যে, আমি উপাধিকৃত ভেদবিশিষ্ট এবং স্বরূপতঃ নিরুপাধি, অদ্বিতীয় চৈতন্যমাত্র উত্তম পুরুষ । আমার এই তত্ত্ব অবগত হইবামাত্রই তিনি আমাতে প্রবেশ করেন । ৫৫

[পূর্বে বলা হইয়াছে যে, স্বকর্ম দ্বারা ভগবানের অর্চনা করিলে সিদ্ধিলাভ হয় । এখানে সেই ভগবদ্ভক্তিযোগের উপসংহার করা হইতেছে ।]

সকল প্রকার "আমি, আমার" ভাব আমাতে অর্পণ করিলে সর্বদা সমস্ত কর্ম করিয়াও ভক্ত আমার অনুগ্রহে সনাতন অক্ষয়স্থান প্রাপ্ত হন । ৫৬

বিবেকবুদ্ধি দ্বারা ঐহিক ও পারত্রিক সমস্ত কর্ম আমাতে সমর্পণপূর্বক মৎপরায়ণ হও এবং সিদ্ধিতে ও অসিদ্ধিতে হর্ষবিষাদশূন্যরূপ বুদ্ধিযোগ অবলম্বনপূর্বক আমাতে সর্বদা চিত্ত সমাহিত কর । ৫৭

আমাতে চিত্ত অর্পণ করিলে আমার অনুগ্রহে তুমি দুস্তর সংসার ও তাহার কারণসমূহ অতিক্রম করিবে । আর যদি তুমি পাণ্ডিত্যাভিমানবশতঃ; আমার কথা না শোন, তাহা হইলে তুমি পুরুষার্থের অযোগ্য হইবে । ৫৮

অহংকারকে আশ্রয় করিয়া 'যুদ্ধ করিব না' এইরূপ যাহা মনে করিতেছ, তোমার এই নিশ্চয় ভ্রমমূলক । কারণ, তোমার ক্ষাত্র স্বভাবই তোমাকে যুদ্ধে নিযুক্ত করিবে । ৫৯

হে কৌন্তেয়, অজ্ঞানবশতঃ যাহা করিতে ইচ্ছা করিতেছ না, স্বভাবজাত স্বীয় ক্ষত্রিয়োচিত কর্মে আবদ্ধ হইয়া অনিচ্ছা সত্ত্বেও তাহা করিবে । ৬০

হে অর্জুন, অন্তর্যামী নারায়ণ সর্বজীবের হৃদয়ে অধিষ্ঠিত হইয়া সর্বভূতকে যন্ত্রারূঢ় পুত্তলিকার ন্যায় মায়া দ্বারা চালিত করিতেছেন । ৬১

হে ভারত, সংসারার্তিনাশের জন্য তুমি চিন্তা, বাক্য ও কর্মের দ্বারা সর্বতোভাবে তাঁহারই শরণাগত হও । তাঁহার প্রসাদে তুমি পরম শান্তি ও শাশ্বত পদ লাভ করিবে । ৬২

আমি সর্বজ্ঞ ঈশ্বর । আমি তোমার নিকট গুহ্য হইতে গুহ্যতর গীতাশাস্ত্ররূপ পরম জ্ঞান বলিলাম । তুমি ইহা নিঃশেষরূপে বিচার করিয়া যাহা ইচ্ছা হয় তাহাই অনুষ্ঠান কর । ৬৩

তুমি সর্বদা আমার অত্যন্ত প্রিয় । এইজন্য তোমার হিতকর, সর্বাপেক্ষা গুহ্য এবং সর্বহিতের শ্রেষ্ঠ আমার উৎকৃষ্ট বাক্য পূর্বে অনেকবার বলা হইলেও পুনরায় বলিতেছি । ইহার দ্বারা তোমার পরমপুরুষার্থ লাভ হইবে । সুতরাং ইহা শ্রবণ কর । ৬৪

তুমি আমাতে চিত্ত স্থির কর । আমার ভজনশীল ও পূজনশীল হও এবং আমাকে নমস্কার কর । তুমি আমার অত্যন্ত প্রিয় । এইজন্য আমি সত্য প্রতিজ্ঞা করিতেছি যে এইরূপেই তুমি আমাকে প্রাপ্ত হইবে । ৬৫
[কর্মযোগনিষ্ঠার পরম রহস্যের (ভগবৎশরণতার) উপদেশ উপসংহার করিয়া সন্ন্যাসের ফল সর্ববেদান্তবিহিত সম্যগ্‌দর্শন বলিতেছেন -]

সকল ধর্মাধর্মের অনুষ্ঠান পরিত্যাগপূর্বক গর্ভ, জন্ম, জরা ও মৃত্যুবর্জিত পরমেশ্বররূপ একমাত্র আমার শরণাগত হও । আমা হইতে অতিরিক্ত কোন বস্তুই নাই, এইরূপ দৃঢ়নিশ্চয় হইয়া আমাকে সদা স্মরণ কর । তুমি এইরূপ নিশ্চিতবুদ্ধিযুক্ত ও স্মরণশীল হইলে তোমার নিকট আমি স্বাত্মভাব প্রকটিত করিয়া সকল ধর্মাধর্ম বন্ধনরূপ পাপ হইতে তোমাকে মুক্ত করিব । অতএব, শোক করিও না । ৬৬
[শ্রীভগবান্‌ শাস্ত্র-সম্প্রদায়ের বিধি বলিতেছেন -]

সংসার-নিবৃত্তির জন্য তোমাকে উপদিষ্ট এই গীতাশাস্ত্র তপস্যাহীন ব্যক্তিকে বলিবে না । তপস্বী হইলেও গুরু ও ঈশ্বরে ভক্তিরহিত ব্যক্তিকে কখনও ইহা বলিবে না । ভক্ত ও তপস্বী হইলেও শ্রবণেচ্ছু না হইলে ইহা কাহাকেও বলিবে না । আমি ভগবান্‌ বাসুদেব । আমাকে প্রাকৃত মানুষ মনে করিয়া আত্মপ্রশংসাদি দোষ আমাতে অধ্যারোপপূর্বক অজ্ঞানবশতঃ যিনি আমার ঈশ্বরত্বে (অবতারত্বে) অবিশ্বাসী, তাঁহাকেও উহা বলিবে না । কেবলমাত্র ভগবানে অসূয়াশূন্য, তপস্বী, ভক্ত ও শুশ্রূষু ব্যক্তিকেই এই গীতাশাস্ত্র বলিবে । ৬৭

এই গীতা পাঠ ও ব্যাখ্যা দ্বারা আমি ভগবানের শুশ্রূষা করিতেছি - এই জ্ঞানে যিনি এই পরম গুহ্য গীতাশাস্ত্র আমার ভক্তের নিকট পাঠ ও ব্যাখ্যা করিবেন, তিনি পরা ভক্তি লাভ করিয়া আমাকে প্রাপ্ত হইবেনই, ইহাতে সন্দেহ নাই । ৬৮

মনুষ্যগণের মধ্যে গীতাব্যাখ্যাতা অপেক্ষা আমার অধিক প্রিয় এ জগতে কেহ নাই এবং আর কেহ হইবেও না । ৬৯

এবং যে ব্যক্তি আমাদের উভয়ের এই ধর্মজনক সংবাদরূপ গ্রন্থ অধ্যয়ন করিবেন, তাঁহার সেই জ্ঞানযজ্ঞের দ্বারা আমি পূজিত হইব, ইহা নিশ্চয় জানিবে । ৭০

যিনি শ্রদ্ধালু অসূয়াশূন্য হইয়া অর্থবোধ না হইলেও এই গীতা শ্রবণ করেন, তিনিও পাপমুক্ত হইয়া অগ্নিহোত্রাদি পুণ্যকারিগণের প্রাপ্য পুণ্যলোক লাভ করেন । ৭১

[শিষ্যের শাস্ত্রার্থগ্রহণ হইয়াছে কি না জানিতে ইচ্ছা করিয়া শ্রীভগবান্‌ জিজ্ঞাসা করিতেছেন । অভিপ্রায় এই যে, না বুঝিয়া থাকিলে পুনর্বার বুঝাইবেন । পুনঃপুনঃ যত্ন করিয়াও শিষ্যকে কৃতার্থ করা উচিত, এই আচার্যধর্ম এখানে প্রদর্শিত হইতেছে ।]

হে পার্থ, তুমি কি একাগ্রচিত্তে এই গীতাশাস্ত্র শুনিয়াছ ? হে ধনঞ্জয়, এই শ্রবণের ফলে তোমার অজ্ঞানজনিত মোহ কি বিনষ্ট হইয়াছে ? ৭২

[ভগবদনুগ্রহজনিত স্বকীয় কৃতার্থতা জ্ঞাপনার্থ] অর্জুন বলিলেন - হে অচ্যুত, আপনার প্রসাদে আমার মোহ ও অজ্ঞান নষ্ট হইয়াছে এবং পরমাত্মবিষয়ক ধ্রুবা স্মৃতি লাভ হইয়াছে । আমি নিঃসংশয় হইয়া অবস্থিত, এখন আপনার উপদেশ পালন করিব; আমার অন্য কোন কর্তব্য নাই । ৭৩

সঞ্জয় বলিলেন - আমি এইরূপে ভগবান্‌ বাসুদেব ও অর্জুনের এই রোমাঞ্চকর অদ্ভুত কথোপকথন শ্রবণ করিলাম । ৭৪

আমি ব্যাস-প্রসাদে লব্ধ দিব্যচক্ষু দ্বারা এই পরম গুহ্য যোগ যোগেশ্বর স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ হইতে সাক্ষাৎ (পরম্পরারূপে নহে) শ্রবণ করিয়াছি । ৭৫

হে রাজা ধৃতরাষ্ট্র, শ্রীকৃষ্ণার্জুনের এই পুণ্য অদ্ভুত কথোপকথন পুনঃপুনঃ স্মরণ করিয়া আমি মুহুর্মূহুঃ রোমাঞ্চিত ও আনন্দিত হইতেছি । ৭৬

হে মহারাজ, ভগবান্‌ শ্রীকৃষ্ণের সেই অত্যদ্ভুত বিশ্বরূপ বারবার স্মরণ করিয়া আমার মহাবিস্ময় হইতেছে এবং আমি পুনঃপুনঃ হৃষ্ট হইতেছি । ৭৭

যে পক্ষে ভগবান্‌ শ্রীকৃষ্ণ এবং গাণ্ডীবধারী অর্জুন, সেই পাণ্ডব পক্ষে রাজ্যশ্রী, বিজয়, অভ্যুদয় ও অব্যভিচারিণী নীতি বিরাজ করে, ইহা আমার নিশ্চিত অভিমত । ৭৮

ভগবান্ ব্যাসকৃত লক্ষশ্লোকী শ্রীমহাভারতের ভীষ্মপর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবদ্গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যাবিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন-সংবাদে মোক্ষযোগ নামক অষ্টাদশ অধ্যায় সমাপ্ত ।

শ্রীমদ্ভগবদ্‌গীতা : সপ্তদশ অধ্যায় – শ্রদ্ধাত্রয়বিভাগযোগ

শ্রীমদ্ভগবদ্‌গীতা : সপ্তদশ অধ্যায় – শ্রদ্ধাত্রয়বিভাগযোগ


[যাহারা শাস্ত্রবিধি জানিয়াও ঐ সকল লঙ্ঘনপূর্বক স্বেচ্ছাচারী হইয়া অযথাবিধি দেবতাদির পূজা করে, তাহারা সিদ্ধিলাভে অসমর্থ, ইহা পূর্বাধ্যায়ে বলা হইয়াছে । কিন্তু যাহারা আলস্য বা ঔদাস্য-বশতঃ শ্রুতি, স্মৃতি প্রভৃতি শাস্ত্রের বিধি ও নিষেধ জানিতে প্রযত্ন না করিয়া বৃদ্ধ-ব্যবহারাদি (প্রাচীন প্রথাদি) দর্শনপূর্বক বা আচার-পরম্পরার বশবর্তী হইয়া আস্তিক্যবুদ্ধির সহিত দেবতা-পূজাদিতে প্রবৃত্ত হয়, কেবল তাহাদেরই বিষয় এখানে বলা হইতেছে ।] 
অর্জুন জিজ্ঞাসা করিলেন - হে ভগবান্‌, যাহারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করিয়া আস্তিক্যবুদ্ধিপূর্বক দেবাদির পূজা করে, তাহাদের সেই নিষ্ঠা সাত্ত্বিকী, রাজসী অথবা তামসী ? ১
শ্রীভগবান্‌ বলিলেন - দেবাদিপূজাবিষয়ক সাত্ত্বিকী, যক্ষ-রাক্ষসাদিপূজাবিষয়ক রাজসী এবং ভূতপ্রেতাদিপূজাবিষয়ক তামসী - মানুষের এই তিন প্রকার শ্রদ্ধা জন্মে । এই শ্রদ্ধা জন্মান্তরকৃত ধর্মাদিসংস্কার হইতে জাত হয় । সুতরাং জীবের ত্রিবিধ স্বভাব হইতে জাত শ্রদ্ধাও তিন প্রকার । ইহার বিষয় শ্রবণ কর । ২
হে অর্জুন, সকল মানুষের শ্রদ্ধা সাত্ত্বিকাদি সংস্কারযুক্ত অন্তঃকরণের অনুরূপ তিন প্রকার হইয়া থাকে । মানুষ শ্রদ্ধাময়, কারণ যিনি যেরূপ শ্রদ্ধাযুক্ত, তিনি সেইরূপই হন । সাত্ত্বিকী, রাজসী এবং তামসী শ্রদ্ধাভেদে মানুষ, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক হয় । ৩
সাত্ত্বিক ব্যক্তিগণ দেবগণের পূজা করেন, রাজসিক ব্যক্তিগণ যক্ষ ও রাক্ষসগণের পূজা করেন এবং তামসিক ব্যক্তিগণ ভূত প্রেতাদির পূজা করেন । ৪
দম্ভ ও অহঙ্কারযুক্ত এবং কামনা ও আসক্তিকৃত-বলান্বিত হইয়া যে অবিবেকিগণ দেহস্থ ইন্দ্রিয়সমূহকে এবং বুদ্ধির সাক্ষীভূত আত্মস্বরূপ আমাকে ক্লিষ্ট করিয়া (অর্থাৎ আমার শাসন অতিক্রম করিয়া) শাস্ত্রবিরুদ্ধ এবং নিজের ও অপরের পীড়াপ্রদ তপস্যার অনুষ্ঠান করে, তাহাদিগকে আসুরিকবুদ্ধিবিশিষ্ট বলিয়া জানিবে । ৫-৬
পূর্বোক্ত তিন প্রকার লোকের আহারও সত্ত্বাদি গুণভেদে তিন প্রকার প্রিয় । সেইরূপ যজ্ঞ, দান ও তপস্যা ত্রিগুণানুসারে তিন প্রকার । ইহাদের প্রভেদ শ্রবণ কর । ৭
[আহার, যজ্ঞ, তপস্যা ও দানের সাত্ত্বিক রূপ গ্রহণের জন্য এবং রাজস ও তামস রূপ বর্জনের জন্য এই বিভাগ প্রদর্শিত হইল ।] 
যে-সকল আহার আয়ু, উদ্যম, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বৃদ্ধি করে, এবং সরস, স্নিগ্ধ ও পুষ্টিকর এবং মনোরম সেইগুলি সাত্ত্বিক ব্যক্তিগণের প্রিয় হয় । ৮
যে-সকল আহার দুঃখ, শোক ও রোগ সৃষ্টি করে এবং অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তিক্ষ্ণ, অতি শুষ্ক এবং অতি প্রদাহকর সেইগুলি রাজসিকগণের প্রিয় হয় । ৯
মন্দপক্ক, রসহীন, দুর্গন্ধময়, বাসী, উচ্ছিষ্ট ও যজ্ঞে নিষিদ্ধ আহার তামসিক ব্যক্তিগণের প্রিয় হয় । ১০
যজ্ঞ করাই কর্তব্য এইভাবে মন স্থির করিয়া ফলাকাঙ্ক্ষাবিহীন ব্যক্তি শাস্ত্রবিহিত যে যজ্ঞ করেন, তাহাই সাত্ত্বিক যজ্ঞ । ১১
হে অর্জুন, স্বর্গাদি ফল কামনা করিয়া দম্ভপ্রকাশের জন্যই যে যজ্ঞ অনুষ্ঠিত হয়, তাহাকে রাজসিক যজ্ঞ বলিয়া জানিবে । ১২
শাস্ত্রবিধিবর্জিত, অন্নদানশূন্য, মন্ত্রহীন, দক্ষিণাবিহীন, শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয় । ১৩
দেবতা, ব্রাহ্মণ, গুরুজন ও প্রাজ্ঞজনের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা - এইগুলিকে কায়িক তপস্যা বলে । ১৪
অনুদ্বেগকর, সত্য, প্রিয় ও হিতকর বাক্য এবং বেদাদি শাস্ত্রপাঠকে বাচিক তপস্যা বলে । ১৫
মনের প্রসন্নতা, সৌম্যভাব, বাক্‌সংযম, মনের নিরোধ, ব্যবহারকালে ছলনারাহিত্য (মন ও মুখ এক করা) - এই সকলকে মানসিক তপস্যা বলে । ১৬
ফলাকাঙ্ক্ষাবিহীন, সমাহিত ব্যক্তিগণ পরম শ্রদ্ধাসহকারে পূর্বোক্ত কায়িক, বাচিক ও মানসিক যে তপস্যা করেন, তাহাকে সাত্ত্বিক তপস্যা বলে । ১৭
সৎকার, সম্মান ও পূজা পাইবার আশায় দম্ভের সহিত যে তপস্যা করা হয়, ইহলোকে কদাচিৎ ফলপ্রদ সুতরাং অনিশ্চিত, সেই তপস্যাকে রাজসিক তপস্যা বলে । ১৮
দুরাকাঙ্ক্ষার বশবর্তী হইয়া দেহেন্দ্রিয়কে কষ্ট দিয়া বা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয়, তাহাকে তামসিক তপস্যা বলে । ১৯
'দান করা কর্তব্য' এই ভাবে প্রত্যুপকারের আশা না করিয়া পুণ্য স্থানে, শুভ সময়ে ও উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাহাকে সাত্ত্বিক দান বলে । ২০
যে দান প্রত্যুপকারের আশায় ও কোন পারলৌকিক ফললাভের উদ্দেশ্যে এবং অনিচ্ছাসত্ত্বেও করা হয়, তাহাকে রাজসিক দান বলে । ২১
অশুচি স্থানে, অশুভ সময়ে ও অযোগ্য পাত্রে অবজ্ঞাপূর্বক ও প্রিয়বচনাদি সৎকাররহিত যে দান করা হয়, তাহাকে তামসিক দান বলে । ২২
[বিহিত যজ্ঞ, দান ও তপস্বাদির অনুষ্ঠানে বৈগুণ্য অবশ্যম্ভাবী বলিয়া তাহার নিরাকরণ ও সাদ্‌গুণ্য-সম্পাদনের উদ্দেশ্যে বলা হইতেছে -] 
'ওঁ তৎ সৎ' এই বাক্য দ্বারা ব্রহ্মের ত্রিবিধ নাম শ্রুতি-নির্দিষ্ট হইয়াছে । এই ত্রিবিধ নির্দেশদ্বারা পুরাকালে যজ্ঞের কর্তা ব্রাহ্মণ, যজ্ঞের কারণ বেদ ও যজ্ঞরূপ ক্রিয়া নির্মিত হইয়াছে । ২৩
এইজন্য 'ওঁ' এই ব্রহ্মবাচক প্রথম শব্দ উচ্চারণ করিয়া বেদবাদিগণ শাস্ত্রবিধান-অনুযায়ী যজ্ঞ-দান-তপস্যাদি কর্ম অনুষ্ঠান করেন । ২৪
'তৎ' এই ব্রহ্মবাচক দ্বিতীয় শব্দ উচ্চারণপূর্বক মুমুক্ষু ব্যক্তিগণ ফলাকাঙ্ক্ষা না করিয়া নানাপ্রকার যজ্ঞতপোদানাদি কর্মের অনুষ্ঠান করেন । ২৫
হে পার্থ, সদ্‌ভাব ও সাধুভাব সম্পাদনার্থ 'সৎ' এই তৃতীয় ব্রহ্মবাচক শব্দ প্রযুক্ত হয় এবং বিবাহাদি শুভ কর্মেও সৎ-শব্দ ব্যবহৃত হয় । ২৬
যজ্ঞ, তপস্যা ও দানে তৎপরভাবে যে অবস্থিতি (নিষ্ঠা, শ্রদ্ধা) তাহাও সদ্‌রূপে নির্দিষ্ট হয় এবং ভগবৎপ্রীতির নিমিত্ত যে কর্ম অনুষ্টিত হয়, তাহাও সৎ-নামে অভিহিত হয় । ২৭
[যজ্ঞদানাদি কর্ম অসাত্ত্বিকভাবে, বৈগুণ্যযুক্তরূপে বা অভক্তিপূর্বক কৃত হইলেও ব্রহ্মের নামত্রয় দ্বারা সাত্ত্বিক সগুণ ও সভক্তিক-রূপে পরিণত হয় । অতএব 'ওঁ তৎ সৎ' ব্রহ্মের এই নামত্রয় উচ্চারণপূর্বক যজ্ঞাদি কর্ম প্রবর্তনীয়, ইহাই এই প্রকরণের অর্থ ।] 
হে পার্থ, শ্রদ্ধা (আস্তিক্যবুদ্ধি)-শূন্য হইয়া যে যজ্ঞ, যে দান বা তপস্যা অনুষ্ঠিত হয় এবং স্তুতিনমস্কারাদি যাহা কিছু করা হয়, তাহা অসৎ । কারণ, এই সকল যজ্ঞাদি বৈগুণ্যবশতঃ পরলোকে এবং (অযশস্কর বলিয়া) ইহলোকেও নিষ্ফল হয় । ২৮
ভগবান্ ব্যাসকৃত লক্ষশ্লোকী শ্রীমহাভারতের ভীষ্মপর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবদ্গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যাবিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন-সংবাদে শ্রদ্ধাত্রয়বিভাগযোগ নামক সপ্তদশ অধ্যায় সমাপ্ত ।

শ্রীমদ্ভগবদ্‌গীতা : ষোড়শ অধ্যায় – দৈবাসুরসম্পদবিভাগযোগ

শ্রীমদ্ভগবদ্‌গীতা : ষোড়শ অধ্যায় – দৈবাসুরসম্পদবিভাগযোগ

শ্রীমদ্ভগবদ্গীতা : ষোড়শোহধ্যায়

শ্রীভগবানুবাচ –

অভয়ং সত্ত্বসংশুদ্ধির্জ্ঞানযোগব্যবস্থিতিঃ।
দানং দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায়স্তপ আর্জ্জবম্।।১
অহিংসাসত্যমক্রোধস্ত্যাগঃ শান্তিরপৈশুনম্।
দয়া ভূতেষ্বলোলুপ্ত্বং মার্দ্দবং হ্রীরচাপলম্।।২
তেজঃ ক্ষমা ধৃতিঃ শৌচমদ্রোহো নাতিমানিতা।
ভবন্তি সম্পদং দৈবীমভিজাতস্য ভারত।।৩
সত্ত্বসংশুদ্ধি – অন্তঃকরণের শুদ্ধ ভাব অর্থাৎ চিত্ত-শুদ্ধি (শঙ্কর), শুদ্ধ সাত্ত্বিইকবৃত্তি (তিলক)।
জ্ঞানযোগব্যবস্থিতি – জ্ঞানযোগে একান্তনিষ্ঠা (শঙ্কর, শ্রীধর); জ্ঞান ও কর্ম্মযোগে যুগপৎ অবস্থিতি (তিলক, ৪।৪১ – ৪২ – শ্লোক দ্রষ্টব্য)। অহিংসা, সত্য। শৌচ, তপঃ, স্বাধ্যায়। নাতিমানিতা – আমি অতিশয় পূজ্য – এইরূপ আভিমান বর্জ্জন।
অর্থঃ-(১।২।৩) নির্ভীকতা, চিত্তশুদ্ধি, আত্মজ্ঞাননিষ্ঠা ও কর্ম্মযোগে তৎপরতা, দান, বাহ্যেন্দ্রিয় সংযম, যজ্ঞ, শাস্ত্র-অধ্যয়ন, তপঃ, সরলতা, অহিংসা, সত্য, অক্রোধ, ত্যাগ, শান্তি, পরনিন্দাবর্জ্জন, জীবে দয়া, লোভহীনতা, মৃদুতা (অক্রৌর্য্য), কু-কর্ম্মে লজ্জা, অচাঞ্চল্য, তেজস্বিতা, ক্ষমা, ধৃতি, শৌচ, দ্রোহ বা হিংসা না করা, অভিমান – হে ভারত, এই সকল গুণ দৈবী সম্পদ অভিমুখে জাত পুরুষের হইয়া থাকে। (অর্থাৎ যাঁহারা পূর্ব্বজন্মের কর্ম্মফলে দৈবী সম্পদ্‌ ভোগার্থ জন্মগ্রহণ করেন তাঁহাদেরই এই সকল সাত্ত্বিক গুণ জন্মিয়া থাকে)।
সপ্তম অধ্যায়ে যে জ্ঞান-বিজ্ঞানের কথা আরম্ভ হইয়াছিল, পঞ্চদশ অধ্যায়ের উহা শেষ হইল এবং পরিশেষে ভগবান্‌ পুরুষোত্তমরূপে আত্মপরিচয় দিয়া বলিলেন, যে এই গুহ্য তত্ত্ব বুঝিতে পারে সে জ্ঞানী ও কৃতার্থ হয়। কিন্তু নবম অধ্যায়ে সংক্ষেপে বলিয়াছেন যে, আসুরিক প্রকৃতির লোক তাঁহাকে চিনে না, সুতরাং অবজ্ঞা করে; দৈবী বা সাত্ত্বিক প্রকৃতির লোক তাঁহাকে ভক্তি করে (৯।১১।১৩ শ্লোক)। এই উভয় প্রকৃতির বিস্তারিত বর্ণনা এই অধ্যায়ে করা হইতেছে এবং আসুরী প্রকৃতির কিরূপে সংশোধন হয় তাহাও উপদেশ দেওয়া হইয়াছে।
প্রথমতঃ এই অধ্যায়ের প্রথম তিন শ্লোকে দৈবী সম্পদ্‌ বা সাত্ত্বিক গুণ বর্ণিত হইয়াছে। এই ছাব্বিশটি সাত্ত্বিকগুণ এবং ত্রয়োদশ অধ্যায়োক্ত কুড়িটি জ্ঞানীর লক্ষণ প্রায়ই। কেননা, জ্ঞান সত্ত্বগুণেরই ধর্ম। এই হেতুই পরবর্ত্তী শ্লোকে অজ্ঞানকে আসুরী সম্পদের অন্তর্ভূক্ত করা হইয়াছে।
  
দম্ভো দর্পোহভিমানশ্চ ক্রোধঃ পারুষ্যমেবচ।
অজ্ঞানং চাভিজাতস্য পার্থ সম্পদমাসুরীম্।।৪
অর্থঃ-(৪) হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা এবং অজ্ঞান আসুরী সম্পদ অভিমুখে জাত ব্যক্তি প্রাপ্ত হয় অর্থাৎ এই সকল রাজসিক এবং তামসিক প্রকৃতির লোকের ধর্ম্ম। 
দৈবী সম্পদ্বিমোক্ষায় নিবন্ধায়াসুরী মতা।
মা শুচঃ সম্পদং দৈবীমভিজাতোহসি পাণ্ডব।।৫
অর্থঃ-(৫) দৈবী সম্পদ্‌ মোক্ষের হেতু এবং আসুরী সম্পদ্‌ সংসার বন্ধনের কারণ হয়। হে পাণ্ডব, শোক করিও না; কারণ তুমি দৈবী সম্পদ্‌ অভিমুখে জন্মিয়াছ। 
দ্বৌ ভূতসর্গৌ লোকেহস্মিন্ দৈব আসুর এব চ।
দৈবো বিস্তরশঃ প্রোক্ত আসুরং পার্থ মে শৃণু।।৬
অর্থঃ-(৬) হে পার্থ, এই জগতে দৈব ও আসুর এই দুই প্রকার প্রাণীর সৃষ্টি হয়। দৈবী প্রকৃতির বর্ণনা সবিস্তার করিয়াছি, এক্ষণে, আসুরী প্রকৃতির কথা আমার নিকট শ্রবণ কর।
দৈবী প্রকৃতির বর্ণনা এই অধ্যায়ের প্রথম তিন শ্লোকে বিস্তৃতভাবে করা হইয়াছে। অধিকন্তু দ্বিতীয় অধ্যায়ে স্থিতপ্রজ্ঞের বর্ণনা (২।৫৫ – ৭২), দ্বাদশ অধ্যায়ে ভগবদ্‌ভক্তের বর্ণনা (১২। ১৩ – ২০), ত্রয়োদশ অধ্যায়ে জ্ঞানীর লক্ষণ (১৩। ৮ – ১২), চতুর্দ্দশ অধ্যায়ে ত্রিগুণাতীতের বর্ণনা (১৭।২২ – ২৫) এ সকলই দৈবী সম্পদের বর্ণনা। কিন্তু আসুরী সম্পদের বর্ণনা মাত্র নবম অধ্যায়ে সংক্ষেপে উল্লিখিত হইয়াছে (৯।১১ – ১২)। এক্ষণে উহাই এই অধ্যায়ে বিস্তৃতভাবে বলিতেছেন। 
প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনা ন বিদুরাসুরাঃ।
ন শৌচং নাপি চাচারো ন সত্যং তেষু বিদ্যতে।।৭
অর্থঃ-(৭) অসুর-ভাবাপন্ন ব্যক্তিগণ জানে না যে ধর্ম্মে প্রবৃত্তিই বা কি আর অধর্ম্ম হইতে নিবৃতিই বা কি অর্থাৎ তাহাদের ধর্ম্মাধর্ম্ম, কর্ত্তব্যাকর্ত্তব্য জ্ঞান নাই। অতএব তাহাদের মধ্যে শৌচ, সদাচার বা সত্য কিছুই নাই। 
অসত্যমপ্রতিষ্ঠং তে জগদাহুরনীশ্বরম্।
অপরস্পরসম্ভুতং কিমন্যৎ কামহৈতুকম্।।৮
অর্থঃ-(৮) এই অসুর প্রকৃতির লোকেরা বলিয়া থাকে যে এই জগতে সত্য বলিয়া কোন পদার্থ নাই, সকলই অসত্য; জগতে ধর্ম্মাধর্ম্মেরও কোন ব্যবস্থা নাই এবং ধর্ম্মাধর্ম্মের ব্যবস্থাপক ঈশ্বর বলিয়াও কোন বস্তু নাই। ইহা কেবল স্ত্রী-পুরুষ অন্যোন্যসংযোগে জাত। স্ত্রী-পুরুষের কামই ইহার একমাত্র কারণ, ইহার অন্য কারণ নাই (অথবা মতান্তরে, জগতের শাস্ত্রোক্ত কোন সৃষ্টি-পরম্পরা নাই)। জগতের সকল পদার্থই মনুষ্যের কামনা বাসনা তৃপ্ত করিবার জন্য। তাহাদের অন্য কোনও উপযোগ নাই। 
এতাং দৃষ্টিমবষ্টভ্য নষ্টাত্মানোহল্পবুদ্ধয়ঃ।
প্রভবন্ত্যুগ্রকর্ম্মাণঃ ক্ষরায় জগতোহহিতাঃ।৯
এতাং দৃষ্টিং অবষ্টভ্য – এইরূপ নিরীশ্বরবাদীদিগের দৃষ্টি বা মত অবলম্বন করিয়া (holding this view – Annie Besant)।
অর্থঃ-(৯) পূর্ব্বোক্ত দৃষ্টি (নিরীশ্বরবাদীদিগের মত) অবলম্বন করিয়া বিকৃতমতি, অল্পবুদ্ধি, ক্রুরকর্ম্মা ব্যক্তিগণ অহিতাচরণে প্রবৃত্ত হয়, তাহারা জগতের বিনাশের জন্যই জন্মগ্রহণ করিয়া থাকে। 
কামমাশ্রীত্য দুষ্পুরং দম্ভমানমদান্বিতাঃ।
মোহাদ্ গৃহীত্বাসদ্ গ্রাহান্ প্রবর্ত্তন্তেশুচিব্রতাঃ।।১০
অর্থঃ-(১০) যাহা কখনও পূর্ণ হইবার নহে, এইরূপ কামনার বশীভূত হইয়া দম্ভ, অভিমান ও গর্ব্বে মত্ত হইয়া, তন্ত্রমন্ত্রাদি দ্বারা স্ত্রীরত্নাদি প্রাপ্ত হইব, অবিবেকবশতঃ এইরূপ দুরাশার বশবর্ত্তী হইয়া অশুচিব্রত অবলম্বন করত তাহারা কর্ম্মে (ক্ষুদ্র দেবতাদির উপাসনায়) প্রবৃত্ত হইয়া থাকে। 
চিন্তামপরিমেয়াঞ্চ প্রলয়ান্তামুপাশ্রিতাঃ।
কামোপভোগপরমা এতাবদিতি নিশ্চিতাঃ।।১১
আশাপাশশতৈর্ব্বদ্ধাঃ কামক্রোধপরায়ণাঃ।
ঈহন্তে কামভোগার্থমন্যায়েনার্থসঞ্চয়ান্।।১২
অর্থঃ-(১১।১২) মৃত্যুকাল পর্য্যন্ত অপরিমেয় বিষয়চিন্তা আশ্রয় করিয়া (যাবজ্জীবন নিরন্তর বিষয়চিন্তাপরায়ণ হইয়া) বিষয়ভোগনিরত এই সকল ব্যক্তি নিশ্চয় করে যে কামোপভোগই পরম পুরুষার্থ, এতদ্ব্যতীত জীবনের অন্য লক্ষ্য নাই, সুতরাং ইহারা শত শত আশাপাশে বদ্ধ এবং কামক্রোধপরায়ণ হইয়া অসৎ মার্গ অবলম্বনপূর্ব্বক অর্থ সংগ্রহে সচেষ্ট হয়। 
ইদমদ্য ময়া লব্ধমিমং প্রাপ্স্যে মনোরথম্।
ইদমস্তীদমপি মে ভবিষ্যতি পুনর্ধনম্।।১৩
অসৌ ময়া হতঃ শত্রুর্হনিষ্যে চাপরানপি।
ঈশ্বরোহহমহং ভোগী সিদ্ধোহহং বলবান্ সুখী।।১৪
আঢ্যোহভিজনবানস্মি কোহন্যোহস্তি সদৃশো ময়া।
যক্ষ্যে দাস্যামি মোদিষ্য ইত্যজ্ঞানবিমোহিতাঃ।।১৫
অনেকচিত্তবিভ্রান্তা মোহজালসমাবৃতাঃ।
প্রসক্তাঃ কামভোগেষু পতন্তি নরকেহশুচৌ।।১৬
অর্থঃ-(১৩।১৪।১৫।১৬) অদ্য আমার এই লাভ হইল, পরে এই ইষ্ট বস্তু পাইব, এই ধন আমার আছে, এই ধন আমার পরে হইবে, এই শত্রুকে আমি পরাজিত করিয়াছি, অন্যান্যকেও হত করিব; আমিই সকলের প্রভু, আমিই সকল ভোগের আধিকারী, আমি কৃতকৃত্য, আমি বলবান্‌, আমি সুখী, আমি ধনবান্‌, আমি কুলীন, আমার তুল্য আর কে আছে? আমি যজ্ঞ করিব, দান করিব, মজা করিব – এই প্রকার অজ্ঞানে বিমূঢ় বিবিধ বিষয় চিন্তায় বিভ্রান্তচিত্ত, মোহজালে জড়িত, বিষয় ভোগে আসক্ত ব্যক্তিগণ অপবিত্র নরকে পতিত হয়। 
আত্মসম্ভাবিতাঃ স্তব্ধা ধনমানমদান্বিতাঃ।
যজন্তে নামযজ্ঞৈস্তে দম্ভেনাবিধিপূর্ব্বকম্।।১৭
অর্থঃ-(১৭) আত্মশ্লাঘাযুক্ত, অবিনয়ী, ধনমানের গর্ব্বে বিমূঢ় সেই আসুর প্রকৃতির ব্যক্তিগণ দম্ভ প্রকাশ করিয়া অবিধিপূর্ব্বক নামমাত্র যজ্ঞ করে। 
অহঙ্কারং বলং দর্পং কামং ক্রোধং চ সংশ্রিতাঃ।
মামাত্মপরদেহেষু প্রদ্বিষন্তোহভ্যসূয়কাঃ।।১৮
অর্থঃ-(১৮) সাধুগণের অসূয়াকারী সেই সকল ব্যক্তি অহঙ্কার, বল, দর্প, কাম ও ক্রোধের বশীভূত হইয়া স্বদেহে ও পরদেহে অবস্থিত আত্মরূপী আমাকে দ্বেষ করিয়া থাকে।
স্বদেহে ও পরদেহে আমাকে দ্বেষ করিয়া থাকে – একথার তাৎপর্য্য এই যে আমি অন্তর্য্যামিরূপে সকলের মধ্যেই আছি, কিন্তু দম্ভবশে আমার অন্তর্য্যামিত্ত্ব অস্বীকার করিয়া স্বদেহস্থিত আমাকে দ্বেষ করে এবং প্রাণি-হিংসাদি দ্বারা অন্য দেহেও আমাকে দ্বেষ করিয়া থাকে। 
তানহং দ্বিষতঃ ক্রুরান্ সংসারেষু নরাধমান্।
ক্ষিপাম্যজস্রমশুভানাসুরীষ্বেব যোনিষু।।১৯
অর্থঃ-(১৯) এইরূপ দ্বেষপরবশ, ক্রুরমতি নরাধম, আসুর পুরুষগণকে আমি সংসারে (ব্যাঘ্র-সর্পাদি) আসুরী যোনিতে পুনঃ পুনঃ নিক্ষেপ করিয়া থাকি। 
আসুরীং যোনিমাপন্না মূঢ়া জন্মনি জন্মনি।
মামপ্রাপ্যৈব কৌন্তেয় ততো যান্ত্যধমাং গতিম্।।২০
অর্থঃ-(২০) হে কৌন্তেয়, এই সকল মূঢ় ব্যক্তি জন্মে জন্মে আসুরী যোনি প্রাপ্ত হয় এবং আমাকে না পাইয়া শেষে আরও অধোগতি (ক্রিমিকীটাদি যোনি) প্রাপ্ত হয়।
৪র্থ হইতে ২০শ শ্লোক পর্য্যন্ত আসুরী প্রকৃতির লোকদিগের এবং তাহাদের অধোগতির বর্ণনা হইয়া গেল। এক্ষণে এই অধোগতির মূল কারণ কি এবং তাহা নিবারণের উপায় কি তাহাই বলা হইতেছে।
ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশনমাত্মনঃ।
কামঃ ক্রোধস্তথা লোভস্তস্মাদেতত্রয়ং ত্যজেৎ।।২১
অর্থঃ-(২১) কাম, ক্রোধ এবং লোভ – এই তিনটি নরকের দ্বার-স্বরূপ, ইহারা আত্মার বিনাশের মূল (জীবের অধোগতির কারণ)। সুতরাং এই তিনটিকে ত্যাগ করিবে। 
এতৈর্বিমুক্তঃ কৌন্তেয় তমোদ্বারৈর্স্ত্রিভির্নরঃ।
আচরত্যাত্মনঃ শ্রেয়স্ততো যাতি পরাং গতিম্।।২২
অর্থঃ-(২২) হে কৌন্তেয়, নরকের দ্বারস্বরূপ এই তিনটি (কাম, ক্রোধ ও লোভ) হইতে মুক্ত হইলে মানুষ আপনার কল্যাণ সাধনপূর্ব্বক পরম গতি প্রাপ্ত হয়।
দম্ভ, দর্প, অভিমানাদি আসুর স্বভাবের যে সকল দোষ উল্লিখিত হইয়াছে সে সকলেরই মূলে কাম, ক্রোধ ও লোভ এই তিনটি দোষ আছে। এই তিনটিকে ত্যাগ করিতে পারিলেই আপনার শ্রেয়ঃ সাধনার্থ কর্ম্ম করা যায় এবং তজ্জন্য পরিশেষে মোক্ষও লাভ হয়। কি উপায়ে ইহাদিগকে ত্যাগ করা যায় এবং আপনার শ্রেয়ঃসাধন কর্ম্ম কি? (পরের দুই শ্লোক)। 
যঃ শাস্ত্রবিধিমুৎসৃজ্য বর্ত্ততে কামকারতঃ।
ন স সিদ্ধিমবাপ্নোতি ন সুখং ন পরাং গতিম্।।২৩
অর্থঃ-(২৩) যে ব্যক্তি শাস্ত্রবিধি ত্যাগ করিয়া স্বেচ্ছাচারী হইয়া কর্ম্মে প্রবৃত্ত হয়, সে সিদ্ধিলাভ করিতে পারে না, তাহার শান্তিসুখও হয় না, মোক্ষ লাভও হয় না। 
তস্মাচ্ছাস্ত্রং প্রমাণং তে কার্য্যাকার্য্যব্যবস্থিতৌ।
জ্ঞাত্বা শাস্ত্রবিধানোক্তং কর্ম্ম কর্ত্তুমিহার্হসি।।২৪
অর্থঃ-(২৪) স্থূল করা এই যে, স্বধর্ম্মাচরণ না করিয়া স্বেচ্ছাচারের অনুবর্ত্তী হইলে কামক্রোধাদি ত্যাগ করা যায় না, স্বধর্ম্মাচরণেই সংসুদ্ধি, সম্যক্‌ জ্ঞান ও মোক্ষ লাভ হয়। তোমার স্বধর্ম্ম কি সে বিষয়ে শাস্ত্রই প্রমাণ, সুতরাং শাস্ত্রীয় বিধান মানিয়া তদনুসারে কর্ম্ম কর।
শ্রীভগবান্‌ ১৫শ অধ্যায়ের শেষে বলিয়াছেন, যে আমাকে পুরুষোত্তম বলিয়া জানে সে-ই জ্ঞানী ও কৃতকৃত্য হয়। কিন্তু নবম অধ্যায়ে সংক্ষেপে বলিয়াছেন যে, আসুরী প্রকৃতির লোক তাঁহার প্রকৃত স্বরূপ জানে না, তাহারা বিবিধ কামনার বশবর্ত্তী হইইয়া দম্ভাদি সহকারে যাগযজ্ঞ অনুশঠান ও ক্ষুদ্র দেবতাদির আরাধনা করে। কিন্তু সাত্ত্বিক প্রকৃতির লোক তাঁহার প্রকৃত তত্ত্ব জানিয়া তাঁহারই আরাধনা করে। কিন্তু সাত্ত্বিক প্রকৃতির লোক তাঁহার প্রকৃত তত্ত্ব জানিয়া তাঁহারই ভজন-পূজন করেন। দৈব (সত্ত্বপ্রধান) ও আসুর (রজস্তমোপ্রধান) এই দ্বিবিধ স্বভাব বা সম্পদ্‌ লইয়া জীব জন্মগ্রহণ করে, এই দ্বিবিধ স্বভাবের বিস্তারিত বর্ণনা এই অধ্যায়ে করা হইয়াছে।
দৈবী সম্পদ্‌ - প্রথম তিনটি শ্লোকে ভয়াভাব, চিত্তশুদ্ধি, আত্মজ্ঞাননিষ্ঠা প্রভৃতি দৈবী প্রকৃতির ২৬টি গুণ নির্দ্দেশ করা হইয়াছে। এই গুলি মোক্ষপথের সহায়। অর্জ্জুন দৈবী সম্পদ্‌ লইয়া জন্মগ্রহণ করিয়াছেন। সুতরাং শ্রীভগবান্‌ বলিতেছেন, তাঁহার শোকের কারণ নাই।
আসুর-প্রকৃতি লোকের স্বভাব – দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নির্দ্দয়তা ও অজ্ঞান – এগুলি আসুরী সম্পদ্‌ অর্থাৎ রজস্তমোগুণাক্রান্ত লোকের স্বভাব। এ সকল বন্ধনের কারণ। আসুরী প্রকৃতির লোকের ধর্ম্মাধর্ম্ম, কর্ত্তব্যাকর্ত্তব্য জ্ঞান নাই। তাহারা শৌচ ও সদাচার জানে না, তাহারা সত্য, ধর্ম্ম, শাস্ত্র, গুরু, ঈশ্বর বলিয়া কিছু মানে না। এই সকল বিকৃতমতি, ক্রুরকর্ম্মা অসুরগণ জগতের বিনাশের জন্যই উৎপন্ন হয়। কামোপভোগই ইহাদের পরম পুরুষার্থ। ইহারা শত শত আশা-পাশে বন্ধ হইয়া আজীবন বিষয়-সেবায় রত থাকে এবং অসৎ মার্গ অবলম্বন করিয়া অর্থসংগ্রহে সচেষ্ট হয়। ইহারা সতত দম্ভ করিয়া বলে – আমি প্রভু, আমি ধনী, মানী, আমি যজ্ঞ করি, দান করি, আড়ম্বর করি – ইহাদের "আমিই" সব। এই আত্মশ্লাঘাযুক্ত, ধনমানমদান্বিত মূঢ়গণ অহঙ্কার, বল, দর্প, কাম ও ক্রোধের বশীভূত হইয়া সর্ব্বভূতের অহিতসাধনে রত হয়। এই মূঢ়মতি আসুর প্রকৃতির লোকগণ পুনঃ পুনঃ আসুরযোনি প্রাপ্ত হয় এবং ক্রমশঃ অধোগতি লাভ করে।
আসুর স্বভাবের মূল কারণ – দম্ভ, দর্প, হিংসা, দ্বেষ প্রভৃতি আসুর স্বভাবের যে সকল দোষ উল্লিখিত হইল, কাম, ক্রোধ, লোভ – তিনটিই উহার মূল কারণ। এই তিনটি নরকের দ্বারস্বরূপ, এই তিনটি ত্যাগ করিতে পারিলেই স্বভাবের সংশোধন হইয়া শ্রেয়োলাভ হয়।
শাস্ত্রবিধির প্রয়োজনীয়তা – কি প্রকারে জীবন পরিচালনা করিলে কাম, ক্রোধ, লোভাদি জয় করিয়া নিজের পারলৌকিক বা আধ্যাত্মিক মঙ্গল ও সমাজের হিতসাধন করা যায় তাহাই শাস্ত্রে নির্দ্দিষ্ট হইয়াছে। সমাজের স্বেচ্ছাচারিতা ও উচ্ছৃঙ্খলতা নিবারণপূর্ব্বক ধর্ম্ম ও লোকরক্ষার উদ্দেশ্যেই শাস্ত্রবিধি প্রবর্ত্তিত হইয়াছে। সুতরাং শাস্ত্রবিহিতি কর্ম্ম করা প্রত্যেকেরই কর্ত্তব্য। ধর্ম্মাধর্ম্ম নির্ণয়ে শাস্ত্রই প্রমাণ।
(দেশ-কাল-পাত্র ভেদে বিভিন্ন সামাজিক অবস্থার পরিবর্ত্তনের সঙ্গে শাস্ত্রবিধির পরিবর্ত্তন হয়, এইরূপ পরিবর্ত্তন ব্যাতীত সমাজ রক্ষা হয় না, উহাই যুগধর্ম্ম; শাস্ত্রবিধি অনুসারে কর্ত্তব্যাকর্ত্তব্য নির্ণয়ে এদিকেও দৃষ্টি রাখা আবশ্যক।)
এই অধ্যায়ে দৈব ও আসুর সম্পদের বিস্তারিত বর্ণনা করা হইয়াছে। এই হেতু ইহাকে দৌবাসুর-সম্পদ্‌-বিভাগ-যোগ বলে।

ইতি শ্রীমদ্‌ভগব্দগীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জ্জুন সংবাদে দৈবাসুর-সম্পদ্‌-বিভাগযোগো নাম ষোড়শোহধ্যায়ঃ।।