Friday, September 9, 2016

শ্রীমদ্ভগবদ্‌গীতা : পঞ্চদশ অধ্যায় – পুরুষোত্তমযোগ

শ্রীমদ্ভগবদ্‌গীতা : পঞ্চদশ অধ্যায় – পুরুষোত্তমযোগ





[কর্মীদিগের কর্মফল ও জ্ঞানীদিগের জ্ঞানলাভ পরমেশ্বরের অধীন । অতএব যাঁহারা ভক্তিযোগ দ্বারা শ্রীভগবানের সেবা করেন, তাঁহারা ভগবৎপ্রসাদে জ্ঞানলাভ করেন এবং গুণাতীত হইয়া মোক্ষ প্রাপ্ত হন । যাঁহারা আত্মতত্ত্ব সম্যক্‌রূপে অবগত হন, তাঁহারা মুক্ত বলাই বাহুল্য । এই জন্য অর্জুন প্রশ্ন না করিলেও আত্মতত্ত্ব ব্যাখ্যা করিতে ইচ্ছা করিয়া -] 

শ্রীভগবানুবাচ -

ঊর্দ্ধমূলমধঃশাখমশ্বত্থং প্রাহুরব্যয়ম্।
ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিৎ।।১

শ্রীভগবান্‌ বলিলেন - এই সংসাররূপ মায়াময় বৃক্ষের মূল (কারণ) ঊর্দ্ধে, অর্থাৎ মায়াশক্তিবিশিষ্ট ব্রহ্মে; হিরণ্যগর্ভাদি শাখা নিম্ন দিকে ও কর্মকাণ্ডরূপ বেদসমূদয় ইহার পত্র । এই অনাদি সংসারকে বেদপুরাণাদি শাস্ত্র অশ্বত্থ বলিয়া থাকেন । যিনি এই প্রকার সংসার বৃক্ষকে জানেন, তিনিই বেদজ্ঞ । ১

[বৈরাগ্যলাভের জন্য ক্ষণস্থায়ী অশ্বত্থরূপ কল্পনা দ্বারা সংসারের স্বরূপ বর্ণনা করা হইয়াছে । কারণ সংসারে বিরক্ত ব্যক্তিরই তত্ত্বজ্ঞান হইয়া থাকে, অন্যের নহে ।] 

অধশ্চোর্দ্ধং প্রসৃতাস্তস্যশাখা গুণপ্রবৃদ্ধা বিষয়প্রবালাঃ।
অধশ্চ মূলান্যনুসন্ততানি কর্মানুবন্ধীনি মনুষ্যলোকে।।২

এই সংসাররূপ অশ্বত্থের শাখাসমূহ গুণত্রয়দ্বারা বর্ধিত ও বিষয়রূপ প্রবালবিশিষ্ট এবং অধোদেশে ও ঊর্দ্ধদেশে বিস্তৃত । দেবলোকাদি অপেক্ষা নিম্নে মনুষ্যলোকে ইহার ধর্মাধর্মজনক মূলসমূহ অধোদেশে প্রসারিত হইয়াছে । ২

ন রূপমস্যেহ তথোপলভ্যতে নান্তো ন চাদির্ন চ সংপ্রতিষ্ঠা।
অশ্বত্থমেনং সুবিরূঢ়মূলমসঙ্গশস্ত্রেণ দৃঢ়েন ছিত্ত্বা।।৩
ততঃ পদং তৎ পরিমার্গিতব্যং যস্মিন্ গতা ন নিবর্ত্তন্তি ভূয়ঃ।
তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যতঃ প্রবৃত্তিঃ প্রসৃতা পূরাণী।।৪

ইহলোকে এই সংসাররূপ অশ্বত্থের উক্তপ্রকার রূপ উপলব্ধ হয় না, কারণ স্বপ্ন-মরীচিকার ন্যায় ইহা দৃষ্ট-নষ্ট-স্বরূপ । এই সংসারের আরম্ভ নাই, কারণ ইহা অনাদি । ইহার অন্ত নাই, কারণ ইহা ব্রহ্মজ্ঞাননাশ্য, অন্য প্রকারে নাশ্য নহে, এবং ইহার মধ্যও (সংস্থিতিও) জানা যায় না; কারণ ইহা প্রমাণগম্য নয়, প্রতীতিমাত্র । এই দৃঢ়মূল সংসার-বৃক্ষকে তীব্র বৈরাগ্যরূপ (পুত্র, বিত্ত ও লোকের এষণা ত্যাগরূপ) শাণিত অস্ত্র দ্বারা ছেদন করিয়া, যাঁহাকে প্রাপ্ত হইলে সংসারে আর পুনরাবৃত্তি হয় না, সেই পরমপদের অন্বেষণ করিতে হয় । যাঁহা হইতে এই অনাদি সংসারপ্রবাহ নিঃসৃত হইয়াছে, আমি সেই আদি ব্রহ্মপুরুষেরই শরণাপন্ন হই । ৩-৪

নির্ম্মানমোহা জিতসঙ্গদোষা অধ্যাত্মনিত্যা বিনিবৃত্তকামাঃ।
দ্বন্দ্বৈর্বিমুক্তাঃ সুখদুঃখসংজ্ঞৈর্গচ্ছন্ত্যমূঢ়াঃ পদমব্যয়ং তৎ।।৫

অহঙ্কাররহিত ও অবিবেকশূন্য, আসক্তিদোষজয়ী, পরমার্থজ্ঞাননিষ্ঠ, বাসনাবর্জিত, সুখদুঃখরূপ দ্বন্দ্ব হইতে বিমুক্ত, অজ্ঞানশূন্য বিবেকী ব্যক্তিগণ সেই পরম ব্রহ্মপদ প্রাপ্ত হন । ৫

ন তদ্ ভাসয়তে সূর্য্যো ন শশাঙ্কো ন পাবকঃ।
যদ্গত্বা ন নিবর্ত্তন্তে তদ্ধাম পরমং মম।।৬

যাঁহাকে লাভ করিলে সংসারে আর পুনর্জন্ম হয় না, যাঁহা চন্দ্র, সূর্য ও অগ্নি প্রকাশ করিতে পারে না তাঁহাই আমার পরম ব্রহ্মপদ । ৬

মমৈবাংশো জীবলোকে জীবভূতঃ সনাতনঃ।
মনঃষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি।।৭
শরীরং যদবাপ্নোতি যচ্চাপ্যুৎক্রামতীশ্বরঃ।
গৃহীত্বৈতানি সংযাতি বায়ুর্গন্ধানিবাশয়াৎ।।৮

[আমাকে বা আত্মাকে লাভ করিলে পুনর্জন্ম হয় না ।] কারণ সংসারে কর্তাভোক্তারূপে প্রসিদ্ধ জীব আমারই সনাতন অংশ । দেহাদিসংঘাতের প্রভু যখন শরীর হইতে উৎক্রমণ করে, তখন কর্ণবিবরাদিস্থানে অবস্থিত শ্রোত্রাদি পঞ্চেন্দ্রিয় ও মনকে আকর্ষণ করে । বায়ু যেরূপ পুষ্পাদি হইতে গন্ধ আহরণ করে, জীব সেইরূপ শরীরান্তর-গ্রহণকালে পূর্বদেহ হইতে মন ও ইন্দ্রিয়াদি সংস্কার সঙ্গে লইয়া যায়; অর্থাৎ পূর্বদেহের ইন্দ্রিয়াদি নূতন দেহে প্রবেশ করে । ৭-৮

শ্রোত্রং চক্ষুঃ স্পর্শনঞ্চ রসনং ঘ্রাণমেবচ।
অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ানুপসেবতে।।৯

দেহস্থিত জীবাত্মা চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা ও নাসিকা আশ্রয় করিয়া রূপ, রস, শব্দ, স্পর্শ ও গন্ধ এই পঞ্চ বিষয়কে মনের সাহায্যে উপভোগ করে । ৯

উৎক্রামন্তং স্থিতং বাপি ভূঞ্জানং বাঁ গুণান্বিতম্।
বিমূঢ়া নানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষঃ।।১০

যিনি দেহান্তরে গমন করেন, যিনি শরীরে অবস্থান-পূর্বক বিষয় ভোগ করেন বা যিনি ত্রিগুণের পরিণাম সুখ-দুঃখ ও মোহের সহিত সংযুক্ত হন, সেই জীবাত্মাকে বিমূঢ় ব্যক্তিগণ জানিতে পারে না; কারণ তাহাদের মন বিষয়-আকর্ষণের দ্বারা বহির্মুখী । কিন্তু অন্তর্মুখী জ্ঞানিগণই শাস্ত্রজ্ঞানরূপ চক্ষু দ্বারা সেই আত্মাকে অবগত হন । ১০

যতন্তো যোগিনশ্চৈনং পশ্যন্ত্যাত্মন্যবস্থিতম্।
যতন্তোহপ্যকৃতাত্মানো নৈনং পশ্যন্ত্যচেতসঃ।।১১

সমাহিতচিত্ত যোগিগণ এই আত্মাকে স্বীয় বুদ্ধির সাক্ষিরূপে অবস্থিত দর্শন করেন । কিন্তু যাহাদের চিত্ত তপস্যা ও ইন্দ্রিয়জয় দ্বারা সংস্কৃত বা শুদ্ধ হয় নাই সেই অবিবেকিগণ যত্নশীল হইলেও ইঁহাকে দেখিতে পায় না । ১১

যদাদিত্যগতং তেজো জগত্ ভাসয়তেহখিলম্।
যচ্চন্দ্রমসি যচ্চাগ্নৌ তৎ তেজো বিদ্ধি মামকম্।।১২

[জীব যাঁহার সনাতন অংশরূপে কল্পিত সেই পরমপদের (ব্রহ্মের) সর্বাত্মত্ব ও সর্বব্যবহারাস্পদত্ব বুঝাইবার জন্য এখন সংক্ষেপে তাঁহার বিভূতি বলিতেছেন ।] 

যে জ্যোতিঃ সূর্যে, চন্দ্রে ও অগ্নিতে আছে এবং যাহা সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই জ্যোতিঃ আমার জানিবে । ১২


গামাবিশ্য চ ভূতানি ধারয়াম্যহমোজসা।
পুষ্ণামি চৌষধীঃ সর্ব্বাঃ সোমো ভূত্বা রসাত্মকঃ।১৩

আমি ঐশ্বরিক শক্তি দ্বারা পৃথিবীতে প্রবেশপূর্বক চরাচর ভূতসকল ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ব্রীহি-যব-ধান্যাদি ওষধি পুষ্ট করি । ১৩

অহং বৈশ্বানরো ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিতঃ।
প্রাণাপানসমাযুক্তঃ পচাম্যন্নং চতুর্ব্বিধম্।।১৪
 

আমি উদরাগ্নিরূপে প্রাণিগণের দেহ আশ্রয়পূর্বক প্রাণ ও অপান বায়ুর সহিত সংযুক্ত হইয়া চর্ব্য, চুষ্য, লেহ্য ও পেয় - এই চারি প্রকার খাদ্য পরিপাক করি । ১৪

সর্ব্বস্য চাহং হ্রদি সন্নিবিষ্টো মত্তঃ স্মৃতির্জ্ঞানমপোহনঞ্চ।
বেদৈশ্চ সর্ব্বৈরহমেব বেদ্যো বেদান্তকৃদ্ বেদবিদেব চাহম্।।১৫

 আমি ব্রহ্মা হইতে কীট পর্যন্ত সকলের হৃদয়ে অবস্থিত আছি । আমা হইতে প্রাণিমাত্রের স্মৃতি (ইহজন্মের ও পূর্বজন্মের স্মৃতি) এবং জ্ঞান (দেশ ও কালের দ্বারা ব্যবহিত অর্থাৎ দুরস্থ ও অব্যবহিত অর্থাৎ নিকটস্থ বস্তুর জ্ঞান) উৎপন্ন ও বিলোপ হয় । আমিই চতুর্বেদের প্রতিপাদ্য এবং আমিই বেদান্তার্থ-প্রচারের সম্প্রদায়প্রবর্তক ও বেদার্থবিৎ । ১৫

[ক্ষর ও অক্ষর উপাধিভাগ দ্বারা তাঁহারই নিরুপাধি-স্বরূপ এখন ব্যাখ্যাত হইতেছে ।] 

দ্বাবিমৌ পুরুষৌ লোকে ক্ষরশ্চাক্ষর এব চ।
ক্ষরঃ সর্ব্বাণি ভূতানি কূটস্থোহক্ষর উচ্যতে।।১৬

 প্রত্যক্ষাদি প্রমাণ দ্বারা অনুভূয়মান ইহলোকে ক্ষর ও অক্ষরনামক দুই পুরুষ প্রসিদ্ধ আছেন । [ক্ষর ও অক্ষর ব্রহ্মপুরুষের উপাধি বলিয়া ইহাদিগকে পুরুষ বলা হইয়াছে ।] ক্ষর পুরুষই জগতের সমস্ত বিনাশী বিকার (কার্য) এবং মায়াশক্তিই কূটস্থ অক্ষর পুরুষ । ১৬

উত্তমঃ পুরুষস্ত্বন্যঃ পরমাত্মেত্যুদাহৃতঃ।
যো লোকত্রয়মাবিশ্য বিভর্ত্ত্যব্যয় ঈশ্বরঃ।।১৭
এই উভয় পুরুষ হইতে অত্যন্ত ভিন্ন পুরুষোত্তম পরমাত্মা নামে বেদান্তশাস্ত্রে অভিহিত । সেই অব্যয় ব্রহ্ম চৈতন্যবলশক্তিরূপে সমগ্র বিশ্বে প্রবেশ করিয়া স্বরূপসত্তা দ্বারা ইহা পরিপালন করেন । ১৭


যস্মাৎ ক্ষরমতীহহমক্ষরাদপি চোত্তমঃ।
অতোহস্মি লোকে বেদে চ প্রথিতঃ পুরুষোত্তমঃ।।১৮

যেহেতু আমি ক্ষরের (অশ্বত্থনামক মায়ারূপ সংসার-বৃক্ষের) অতীত এবং অক্ষর হইতেও উত্তম (ঊর্দ্ধ), সেই হেতু ইহলোকে (কাব্যাদিতে এবং ভক্তজনে) ও বেদে আমি পুরুষোত্তমনামে প্রখ্যাত । ১৮

যো মামেবমসংমূঢ়ো জানাতি পুরুষোত্তমম্।
স সর্ব্ববিদ্ ভজতি মাং সর্ব্বভাবেন ভারত।।১৯

হে ভারত, যিনি স্থূল, সূক্ষ্ম ও কারণদেহে 'আমি' বুদ্ধি ত্যাগ করিয়া কথিতপ্রকারে পুরুষোত্তম (পরব্রহ্মস্বরূপ) আঁমাকে আত্মারূপে জ্ঞাত হন, সর্বজ্ঞ ও সর্বাত্মা তিনি সর্বতোভাবে মদ্গতচিত্ত হইয়া আমাকে ভজনা করেন । ১৯
ইতি গুহ্যতমং শাস্ত্রমিদমুক্তং ময়ানঘ।
এতদ্ বুদ্ধ বুদ্ধিমান্ স্যাৎ কৃতকৃত্যশ্চ ভারত।।২০

হে নিষ্পাপ অর্জুন, তোমাকে এই গুহ্যতম শাস্ত্র বলিলাম । এই তত্ত্ব অবগত হইয়া যোগী প্রকৃত বুদ্ধিমান এবং কৃতকৃত্য (কৃতার্থ) হন, অন্য প্রকারে নহে । ২০
ভগবান্ ব্যাসকৃত লক্ষশ্লোকী শ্রীমহাভারতের ভীষ্মপর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবদ্গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যাবিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন-সংবাদে পুরুষোত্তমযোগ নামক পঞ্চদশ অধ্যায় সমাপ্ত ।

1 comment:

  1. গীতা একটি পবিএ ধর্ম গ্রন্থ। এই পৃথিবীর জন্য গীতার বানী অত্যান্ত প্রয়োজনীয়। আসুন সবাই গীতা পাঠ করি।

    ReplyDelete