শ্রীমদ্ভগবদ্গীতা : সপ্তম অধ্যায় – জ্ঞানবিজ্ঞানযোগ
শ্রীমদ্ভগবদ্গীতা : সপ্তম অধ্যায় – জ্ঞানবিজ্ঞানযোগ
[ভগবৎতত্ত্ব কি, কিরূপে তদ্গত-চিত্ত
হওয়া যায় - শ্রীভগবান্ স্বয়ং এই
অধ্যায়ে তাহা বলিতেছেন ।]
শ্রীভগবান্
বলিলেন - হে পার্থ, ভক্ত সর্বতোভাবে আমার শরণাগত হইয়া (অগ্নিহোত্রাদি যজ্ঞ, দান বা তপস্যাদি কর্মের ফলাশ্রয় না করিয়া) আমাতে মনোনিবেশ-পূর্বক যোগাভ্যাস করিলে বিভূতি, বল, শক্তি
ও ঐশ্বর্যাদিসম্পন্ন পুর্ণস্বরূপে (সগুণ
ও নির্গুণরূপে) আমাকে নিঃসংশয়ে যেরূপে
জানিতে পারিবে, তাহা শ্রবণ কর । ১
অপরোক্ষ
অনুভূতির সহিত মদ্বিশয়ক এই জ্ঞান নিঃশেষে তোমাকে উপদেশ দিব । স্বানুভূতির সহিত
তাহা লাভ করিলে সংসারে আর অন্য কিছু জ্ঞাতব্য অবশিষ্ট থাকে না । ২
সহস্র
সহস্র মনুষ্যের মধ্যে কদাচিৎ কেহ আত্মজ্ঞান লাভের জন্য প্রযত্ন করেন; আর প্রযত্নশীল মুমুক্ষুগণের মধ্যেও ক্কচিৎ
কেহ আমাকে স্বরূপতঃ (স্বীও আত্মা-রূপে) জানিতে
পারেন (কারণ ব্রহ্মজ্ঞানলাভ অতিশয়
দুর্লভ) । ৩
ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি
এবং অহঙ্কার - এই অষ্ট প্রকারে আমার
ঐশ্বরী মায়াশক্তি বিভক্ত । ৪
হে
মহাবাহো, ইহা আমার অনর্থকরী
বন্ধনাত্মিকা নিকৃষ্টা প্রকৃতি । কিন্তু ইহা হইতে অত্যন্ত স্বতন্ত্র আমার
প্রকৃষ্টা প্রকৃতি অবগত হও। জগতের অন্তঃপ্রবিষ্ট সেই জীবভূতা প্রকৃতি এই
জগৎপ্রপঞ্চ ধারণ করিয়া আছেন । ৫
আমার
এই উভয় প্রকৃতি হইতে জড় ও চেতন সর্বভূত উৎপন্ন হইয়াছে, ইহা ধারণা কর । অতএব আমি সমগ্র জগতের সৃষ্টি
ও প্রলয়রূপ অর্থাৎ উক্ত প্রকৃতিদ্বয় দ্বারা আমি জগতের কারণস্বরূপ । ৬
হে
ধনঞ্জয়, আমা অপেক্ষা জগতের অন্য
শ্রেষ্ঠ কারণ নাই। যেমন সূত্রে মণিসমূহ গ্রথিত হইয়া থাকে, সেইরূপ এই পরিদৃশ্যমান জগৎ আত্মভূত আমাতে
অনুস্যূত ও বিধৃত রহিয়াছে । ৭
হে
কৌন্তেয়, আমি জলে রস, চন্দ্রে ও সূর্যে জ্যোতিঃ, চারি বেদে ওঁকার, আকাশে শব্দ এবং মনুষ্যমধ্যে পুরুষকাররূপে
বিরাজ করি । ৮
আমি
পৃথিবীতে পবিত্র গন্ধ, অগ্নিতে দীপ্তি, সর্বপ্রাণীর আয়ু ও তপস্বিগণের মধ্যে
তপঃশক্তিরূপে বিরাজ করি । ৯
হে
পার্থ, আমাকে স্থাবর ও জঙ্গম সকল
ভূতের সনাতন কারণ বলিয়া জানিবে । আমি বিবেকিগণের নিত্যানিত্যবস্তুবিবেকরূপ বুদ্ধি
এবং তেজস্বিগণের তেজঃস্বরূপ । ১০
হে
ভরতকুলশ্রেষ্ঠ, আমি বলবান্গণের কামরাগ-বর্জিত দেহধারণের উপযোগী সামর্থ্য।
ধর্মশাস্ত্রের অবিরোধী কামনা-বাসনারূপে আমি প্রাণিগণের
মধ্যে বিরাজমান । ১১
প্রাণিগণের
যে সকল সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাব
স্বকর্মফলে উৎপন্ন হয়, তাহা আমা হইতেই উৎপন্ন
জানিবে। যদিও তাহারা আমা হইতে উৎপন্ন, তথাপি
জীবের ন্যায় আমি সেই সকল ভাবের অধীন নহি; কিন্তু
সেই সকল ভাব আমার অধীন (বশীভূত) । ১২
ত্রিগুণজাত
সুখদুঃখমোহাদি ভাব দ্বারা জগতের প্রাণিসমূহ ভ্রান্ত হইয়া এই সকল ভাবের অতীত আমার
অব্যয় নিরুপাধিক স্বরূপ জানিতে পারে না । ১৩
কারণ
আমার এই ত্রিগুণাত্মিকা অঘটন-ঘটন-পটীয়সী মায়া অতিক্রম করা অতিশয় কষ্টকর ।
কিন্তু যাঁহারা ধর্মাধর্ম পরিত্যাগপূর্বক আমাকে আশ্রয় করেন এবং অন্য প্রকার সাধনের
উপর নির্ভর করেন না, তাঁহারাই কেবল আমার এই
দুস্তর মায়া উত্তীর্ণ হইতে পারেন, অর্থাৎ সংসার-বন্ধন হইতে মুক্ত হন । ১৪
কিন্তু
যাহারা মনুষ্যগণের মধ্যে নিকৃষ্ট, সেই সকল মোহগ্রস্ত
পাপকারিগণের বিবেকজ্ঞান মায়া দ্বারা অপহৃত হওয়ায় তাহারা হিংসা ও মিথ্যা ব্যবহারাদি
আসুর স্বভাব আশ্রয় করে । সেইজন্য তাহারা আমার ভজনা করে না । ১৫
হে
ভরতকুলগৌরব অর্জুন, আর্তিযুক্ত, তত্ত্বজিজ্ঞাসু, অর্থকামি ও তত্ত্বজ্ঞানী - এই চারি প্রকার পুণ্যকর্মা ব্যাক্তিগণ আমার
ভজনা করেন । ১৬
এই
চারি প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত, আমাতে
একনিষ্ঠ তত্ত্বজ্ঞানীই শ্রেষ্ঠ । আমি জ্ঞানীর অত্যন্ত প্রিয় এবং জ্ঞানীও আমার অতীব
প্রিয়, কারণ তিনি মৎস্বরূপপ্রাপ্ত
। ১৭
ইঁহারা
সকলেই মহান্ এবং সকলেই আমার প্রিয় । কোন ভক্তই আমার অপ্রিয় নহেন; কিন্তু জ্ঞানী আমার অত্যন্ত প্রিয়; কারণ জ্ঞানী আমার আত্মস্বরূপ - ইহা আমার নিশ্চয় । বাসুদেবে সমাহিতচিত্ত
জ্ঞানী উৎকৃষ্ট গতিস্বরূপ আমাকেই আশ্রয় করিয়া থাকেন, অর্থাৎ
'আমি ভগবান্ বাসুদেব হইতে স্বরূপতঃ অন্য নহি' - এই বুদ্ধি জ্ঞানীর সর্বদা দৃঢ় থাকে । ১৮
জ্ঞানী
আমার অত্যন্ত প্রিয় । কারণ বহু জন্মের সাধন-ফলে
শেষ জন্মে 'সমুদয় জীবজগৎ বাসুদেবই' (ব্রহ্মই) এইরূপ
জানিয়া তিনি আমাকে নিরতিশয় প্রেমাস্পদরূপে ভজনা করেন । সেইরূপ মহাপুরূষ অতিশয়
দুর্লভ । ১৯
পুত্র, অর্থ ও স্বর্গাদি লাভের কামনা দ্বারা
যাঁহাদের বিবেকবুদ্ধি অভিভূত হইয়াছে, তাঁহারা
জপ ও উপবাসাদি নিয়ম পালনপূর্বক স্বীয় স্বভাবানুযায়ী (বাসুদেব ভিন্ন) অন্যান্য
দেবতার ভজনা করেন । ২০
যে
যে ভক্ত যে যে দেবমূর্তি শ্রদ্ধার সহিত অর্চনা করেন, সেই
সেই দেবমূর্তিতে আমি তাঁহাদিগকে অচলা ভক্তি প্রদান করি । ২১
সেই
ভক্ত শ্রদ্ধাযুক্ত হইয়া সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার নিকট হইতে
কর্মফলদাতা আমারই দ্বারা বিহিত কাম্যবস্তু অবশ্য লাভ করেন । ২২
অল্পবুদ্ধি
ব্যক্তিগণের আরাধনালব্ধ সেই ফল অস্থায়ী । ইন্দ্রাদি দেবতার উপাসকগণ স্ব স্ব
দেবতাকে প্রাপ্ত হন, আর আয়াস সমান হইলেও আমার
ভক্তগণ আমাকেই লাভ করিয়া মোক্ষরূপ অনন্ত ফলের অধিকারী হইয়া থাকেন । ২৩
অবিবেকিগণ
আমার অব্যয় অনুপম উৎকৃষ্ট পরমাত্মস্বরূপ না জানিয়া প্রপঞ্চাতীত আমাকে
লীলাবিগ্রহধারণ-অবস্থাতেই পর্যবসিত মনে
করে; সেইজন্য আমার শরণাগত না হইয়া অন্য দেবতাকে
ভজনা করে । ২৪
কারণ, ত্রিগূণাত্মিকা মায়া দ্বারা আবৃত বলিয়া আমি
সকলের নিকট প্রকাশিত হই না; কেবলমাত্র কোন কোন ভক্তের
নিকট অভিব্যক্ত হই। সেইজন্য এই মোহান্ধ জগৎ আমার জন্ম-মৃত্যুরহিত অব্যয় স্বরূপ জানিতে পারে না । ২৫
[কিন্তু আমার জ্ঞান মায়ার
দ্বারা প্রতিহত নহে । অতএব -] হে অর্জুন, অতীত, বর্তমান
ও ভবিষ্যত - এই তিন কালের সমস্ত ভূতকেই
আমি জানি । কিন্তু (আমার শরণাগত ভক্ত ব্যতীত) কেহ আমাকে জানিতে পারে না । ২৬
কারণ
হে পরন্তপ অর্জুন, ইচ্ছাদ্বেষাদি অনুকূল ও
প্রতিকূল বিষয় হইতে সুখ-দুঃখাদি দ্বন্দ্ব সমুদ্ভূত
হয় । এই দ্বন্দ্বজাত মোহ প্রাণীর প্রজ্ঞাকে স্ববশীভূত করিয়া ব্রহ্মজ্ঞানের
প্রতিবন্ধক সৃষ্টি করে । এই মোহ দ্বারা প্রাণীগণ উৎপত্তি কালে অভিভূত হয় । সেইজন্য
পরমার্থ (আত্মতত্ত্ব)-বিষয়ে প্রতিবন্ধ জ্ঞান লইয়াই প্রাণীগণ
জন্মগ্রহণ করে । ২৭
কিন্তু
যে-সকল পুণ্যকর্মা ব্যাক্তিগণের পাপ ক্ষীণ
হইয়াছে, তাঁহারা সুখ-দুঃখ ও শীতোষ্ণাদি দ্বন্দ্ব-নিমিত্তক মোহ হইতে মুক্ত হইয়া দৃঢ় নিষ্ঠার
সহিত আমার ভজনা করেন । ২৮
এইরূপ
যাঁহারা জরা ও মৃত্যু হইতে মুক্তিলাভের জন্য আমাকে আশ্রয় করিয়া সাধন করেন, তাঁহারা সনাতন ব্রহ্ম, সমগ্র অধ্যাত্ম ও অখিল কর্ম অবগত হন । ২৯
এবং
এইরূপ যাঁহারা অধিভূত, অধিদৈব ও অধিযজ্ঞের সহিত
বিদ্যমান আমার উপাসনা করেন, সেই সকল সমাহিতচিত্ত
ব্যক্তি মৃত্যুকালেও আমাকে প্রত্যক্ষ করিতে সমর্থ হন । ৩০
ভগবান্ ব্যাসকৃত লক্ষশ্লোকী শ্রীমহাভারতের ভীষ্মপর্বের
অন্তর্গত শ্রীমদ্ভগবদ্গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যাবিষয়ক যোগশাস্ত্রে
শ্রীকৃষ্ণার্জুনসংবাদে জ্ঞান-বিজ্ঞান-যোগনামক সপ্তম অধ্যায় সমাপ্ত ।
No comments:
Post a Comment