শ্রীমদ্ভগবদ্গীতা : চতুর্দশ অধ্যায় – গুণত্রয়বিভাগযোগ
শ্রীভগবান্ কহিলেন -
ব্রহ্ম অত্যন্ত দুর্বোধ্য । সেই হেতু সর্বজ্ঞানের শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞান আমি পুনরায়
তোমাকে বলিব । এই পরমার্থজ্ঞান লাভ করিয়া মুনিগণ দেহত্যাগের পর মুক্তিলাভ করেন । ১
এই জ্ঞান আশ্রয় করিয়া
মুনিগণ আমার স্বরূপ প্রাপ্ত হন । তাঁহারা আর সৃষ্টিকালে জন্মগ্রহণ করেন না এবং
প্রলয়কালেও লীন হন না । ২
হে ভারত, মহৎ নামে
প্রসিদ্ধ ব্রহ্ম আমার ত্রিগুণাত্মিকা প্রকৃতি । ইহা সর্বভূতের উৎপত্তির কারণ ।
ইহাতে আমি গর্ভাধান (সৃষ্টির বীজ নিক্ষেপ) করি , সেই গর্ভাধান হইতে হিরণ্যগর্ভাদি
সর্বভূতের সৃষ্টি হয় । ৩
[ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ
ঈশ্বরপরতন্ত্র । এইরূপেই তাহারা জগতের কারণ; কিন্তু তাহারা স্বতন্ত্র নহে । কেবল
যে সৃষ্টির উপক্রমকালেই রূপদেহোৎপত্তি তাহা নহে ।]
হে কৌন্তেয়, দেব, পিতৃ,
মনুষ্য ও পশ্বাদি যোনিতে যে-সকল দেহ (যাহার অবয়বসকল অভিব্যক্ত ও কার্যক্ষম) উৎপন্ন
হয়, বিভিন্ন অবস্থায় পরিণত প্রকৃতি তাহাদের জননী এবং আমি তাহাদের গর্ভাধানকর্তা
পিতা । ৪
[ক্ষেত্র ও
ক্ষেত্রজ্ঞসংযোগ হইতে জগতের উৎপত্তি প্রদর্শনের দ্বারা ব্রহ্মই অবিদ্যাহেতু জীবভাব
প্রাপ্ত হন - ইহা বলা হইল । প্রকৃতিস্থ এবং গুণে আসক্ত হওয়াই পুরুষের সংসৃতির কারণ
- ইহা পূর্বে বলা হইয়াছে । এখন গুণ কি কি, গুণে আসক্তি কি প্রকার, তাহারা পুরুষকে
কিভাবে আবদ্ধ করে ইত্যাদি বলা হইতেছে ।]
হে মহাবাহো, প্রকৃতিজাত
সত্ত্ব, রজঃ ও তমঃ - এই গুণত্রয় পরমার্থতঃ নিষ্ক্রিয় আত্মাকে দেহাভিমান দ্বারা
শরীরে আবদ্ধ করে । ৫
হে নিষ্পাপ, এই
গুণত্রয়ের মধ্যে সত্ত্বগুণ স্ফটিকমণির ন্যায় নির্মল, স্বচ্ছ
চৈতন্যপ্রতিবিম্বগ্রহণে সমর্থ বলিয়া নিরুপদ্রব ও প্রকাশক । এই সত্ত্বগুণ 'আমি
সুখি' এইরূপ সুখাসক্তি এবং 'আমি জ্ঞানী' এইরূপ জ্ঞানাসক্তি দ্বারা আত্মাকে যেন
আবদ্ধ করে । ৬
হে কৌন্তেয়, রজোগুণ
রাগাত্মক । ইহা অপ্রাপ্তের অভিলাষ ও প্রাপ্তবিষয়ে মনের প্রীতির উৎপাদক বলিয়া
জানিবে । দৃষ্ট ও অদৃষ্ট ফলের নিমিত্ত কর্মে আসক্তি দ্বারা ইহা আত্মাকে যেন আবদ্ধ
করে, অর্থাৎ যেন 'আমি করি' - এই অভিমান দ্বারা কর্মে প্রবর্তিত করে । ৭
হে ভারত, তমোগুণ
আবরণশক্তিপ্রধান প্রকৃতির অংশ হইতে উৎপন্ন এবং দেহধারিগণের মোহজনক
(হিতাহিত-বিবেকের প্রতিবন্ধক) জানিবে । উহা প্রমাদ, আলস্য ও নিদ্রা দ্বারা আত্মাকে
দেহে যেন বদ্ধ করে, নির্বিকার আত্মাকে যেন বিকারপ্রাপ্ত করে । ৮
হে ভারত, সত্ত্বগুণ
সাধ্য বিষয়ে ও রজোগুণ সাধ্য কর্মে জীবকে আবদ্ধ করে এবং তমোগুণ সত্ত্বকৃত বিবেককে
আবৃত করিয়া জীবকে প্রমাদ ও আলস্য প্রভৃতিতে নিমজ্জিত করে । ৯
হে ভারত, সত্ত্বগুণ রজঃ
ও তমোগুণকে অভিভূত করিয়া প্রবল হয় । রজোগুণ সত্ত্ব ও তমোগুণকে অভিভূত করিয়া প্রবল
হয় । আর তমোগুণ সত্ত্ব ও রজোগুণকে অভিভূত করিয়া প্রবল হয় । ১০
যখন এই ভোগায়তন দেহের
সমস্ত ইন্দ্রিয়দ্বার বুদ্ধিবৃত্তির প্রকাশ দ্বারা উদ্ভাসিত হয়, তখন জানিবে যে
সত্ত্বগুণ বর্ধিত হইয়াছে । ১১
হে ভরতশ্রেষ্ঠ, লোভ,
কর্মে প্রবৃত্তি ও প্রচেষ্টা, হর্ষ ও অনুরাগাদির অনিবৃত্তি এবং বিষয়ভোগের স্পৃহা -
এই সকল রজোগুণের বৃদ্ধিকালে উৎপন্ন হয় । ১২
হে কুরুনন্দন,
কর্তব্যাকর্তব্য বিবেকের অভাব, অনুদ্যম, কর্তব্যে অবহেলা ও মূঢ়তা প্রভৃতি লক্ষণ
তমোগুণ বৃদ্ধি পাইলে জন্মে । ১৩
সত্ত্বগুণের বৃদ্ধিকালে
মানুষ দেহত্যাগ করিলে হিরণ্যগর্ভাদি উপাসকদিগের সুখময় ব্রহ্মলোকাদিতে গমন করে । ১৪
রজোগুণের বৃদ্ধিকালে
মৃত্যু হইলে কর্মভূমি মনুষ্যলোকে জন্ম হয় এবং তমোগুণের বৃদ্ধিকালে মৃত্যু হইলে
পশ্বাদি মূঢ়জন্ম প্রাপ্ত হয় । ১৫
শিষ্টগণ বলেন -
সাত্ত্বিক কর্মের ফল নির্মল সুখ, রাজসিক কর্মের ফল দুঃখ ও তামসিক কর্মের ফল মূঢ়তা
(পশু প্রভৃতি জন্মে দৃশ্যমান অজ্ঞান) । ১৬
রজঃ ও তমোগুণকে অভিভূত
করিবার পর সত্ত্বগুণ হইতে সকল ইন্দ্রিয়ের জ্ঞান জন্মে । সত্ত্ব ও তমোগুণকে অভিভবের
পর রজোগুণ হতে লোভপ্রবৃত্তি জাত হয় । আর তমোগুণ সত্ত্ব ও রজোগুণকে অভিভূত করিলে
তাহা হতে অবিবেক, অনবধানতা ও মূঢ়তা উৎপন্ন হয় । ১৭
সত্ত্বগুণে অবস্থিত (শাস্ত্রীয়
উপাসনা ও কর্মে নিরত) ব্যক্তিগণ দেবলোকাদিতে গমন করেন, রজোগুণী (লোভাদিবশতঃ
কাম্য-নিষিদ্ধাদি কর্মে নিযুক্ত) ব্যক্তিগণ দুঃখবহুল মনুষ্যলোকে জন্মগ্রহণ করেন
এবং জঘন্যগুণবৃত্তিতে (নিদ্রা-আলস্যাদিতে) স্থিত তামসিক ব্যক্তিগণ পশ্বাদি হীন
জন্মলাভ করে । ১৮
যখন জীব
কার্য-কারণ-বিষয়াকারে পরিণত ত্রিগুণ ব্যতীত অন্য কাহাকেও কর্তা বলিয়া দেখেন না এবং
ত্রিগুণের অতীত ও তাহাদের কার্যসমূহের সাক্ষী আত্মাকে জ্ঞাত হন, তখন তিনি
ব্রহ্মস্বরূপ অধিগত হন । ১৯
দেহোৎপত্তির কারণ এই
অবিদ্যাময় গুণত্রয় অতিক্রম করিলে জীব জন্ম, মৃত্যু ও জরা-রূপ দুঃখ হইতে জীবনকালেই
বিমুক্ত হন এবং ব্রহ্মানন্দরূপ অমৃতত্ত্ব লাভ করেন । ২০
অর্জুন জিজ্ঞাসা করিলেন
- হে ভগবান্ গুণাতীতের লক্ষণ কি, তাঁহার কিরূপ এবং কি উপায়ে তিনি গুণাতীত হন ? ২১
শ্রীভগবান্ বলিলেন -
হে পাণ্ডব, গুণত্রয়ের কার্য - প্রকাশ, প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হইলে যিনি দ্বেষ
করেন না এবং এই সকলের নিবৃত্তিও আকাঙ্ক্ষা করেন না তিনিই গুণাতীত । ২২
উদাসীন ব্যক্তি যেমন
কাহারো পক্ষ অবলম্বন করেন না, সেইরূপ যিনি গুণকার্যের দ্বারা আত্মস্বরূপ দর্শনরূপ
অবস্থা হইতে বিচ্যুত হন না এবং গুণসকল গুণে প্রবৃত্ত এইরূপ জানিয়া কূটস্থ জ্ঞানেই
অবিচলিতভাবে অবস্থান করেন ও আত্মস্বরূপে অবস্থিত থাকেন, তিনিই গুণাতীত । ২৩
যিনি সুখে ও দুঃখে
রাগদ্বেষশূন্য এবং আত্মস্বরূপে অবস্থিত, মৃৎপিণ্ড, প্রস্তর ও সুবর্ণে যাঁহার
সমদৃষ্টি, যিনি প্রিয় ও অপ্রিয়ে তুল্যজ্ঞান, নিন্দা ও প্রশংসায় যাঁহার সমবুদ্ধি,
সেই ধীর ব্যক্তিই গুণাতীত । ২৪
যিনি সম্মান ও অপমানে
নির্বিকার, যিনি শত্রুপক্ষে নিগ্রহ ও মিত্রপক্ষে অনুগ্রহ করেন না, যিনি
দৃষ্টাদৃষ্ট ফলার্থ সকল কর্ম ত্যাগ করিয়া কেবলমাত্র দেহধারণোপযোগী কর্মের অনুষ্ঠাণ
করেন, তিনি গুণাতীত বলিয়া কথিত হন । ২৫
যে নিষ্কাম কর্মী
ঐকান্তিকী ভক্তির সহিত সর্বান্তর্যামী নারায়ণকে উপাসনা করেন, তিনি ত্রিগুণাতীত
হইয়া ব্রহ্মত্বলাভে সমর্থ হন । ২৬
কারণ, আমি
(প্রত্যগাত্মা) অব্যয়, অমৃত, সনাতন, জ্ঞানযোগরূপ ধর্মপ্রাপ্য ও অব্যভিচারী
সুখস্বরূপ ব্রহ্মের (পরমাত্মার) প্রতিষ্ঠা ।
দ্বিতীয় ব্যাখ্যা - আমিই (নিরুপাধিক ব্রহ্মই) অমৃত, অব্যয়, সোপাধিক ব্রহ্মের প্রতিষ্ঠা এবং আমি জ্ঞাননিষ্ঠারূপ সনাতন ধর্মের স্বরূপ, সেইজন্য ঐকান্তিক নিয়ত সুখেরও আশ্রয় । ২৭
ভগবান্ ব্যাসকৃত
লক্ষশ্লোকী শ্রীমহাভারতের ভীষ্মপর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবদ্গীতারূপ উপনিষদে
ব্রহ্মবিদ্যাবিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন-সংবাদে গুণত্রয়বিভাগযোগ নামক
চতুর্দশ অধ্যায় সমাপ্ত ।দ্বিতীয় ব্যাখ্যা - আমিই (নিরুপাধিক ব্রহ্মই) অমৃত, অব্যয়, সোপাধিক ব্রহ্মের প্রতিষ্ঠা এবং আমি জ্ঞাননিষ্ঠারূপ সনাতন ধর্মের স্বরূপ, সেইজন্য ঐকান্তিক নিয়ত সুখেরও আশ্রয় । ২৭
গীতা একটি পবিএ ধর্ম গ্রন্থ। এই পৃথিবীর জন্য গীতার বানী অত্যান্ত প্রয়োজনীয়। আসুন সবাই গীতা পাঠ করি।
ReplyDelete