শ্রীমদ্ভগবদ্গীতা : সপ্তদশ অধ্যায় – শ্রদ্ধাত্রয়বিভাগযোগ
[যাহারা শাস্ত্রবিধি
জানিয়াও ঐ সকল লঙ্ঘনপূর্বক স্বেচ্ছাচারী হইয়া অযথাবিধি দেবতাদির পূজা করে, তাহারা
সিদ্ধিলাভে অসমর্থ, ইহা পূর্বাধ্যায়ে বলা হইয়াছে । কিন্তু যাহারা আলস্য বা
ঔদাস্য-বশতঃ শ্রুতি, স্মৃতি প্রভৃতি শাস্ত্রের বিধি ও নিষেধ জানিতে প্রযত্ন না
করিয়া বৃদ্ধ-ব্যবহারাদি (প্রাচীন প্রথাদি) দর্শনপূর্বক বা আচার-পরম্পরার বশবর্তী
হইয়া আস্তিক্যবুদ্ধির সহিত দেবতা-পূজাদিতে প্রবৃত্ত হয়, কেবল তাহাদেরই বিষয় এখানে
বলা হইতেছে ।]
অর্জুন জিজ্ঞাসা করিলেন
- হে ভগবান্, যাহারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করিয়া আস্তিক্যবুদ্ধিপূর্বক
দেবাদির পূজা করে, তাহাদের সেই নিষ্ঠা সাত্ত্বিকী, রাজসী অথবা তামসী ? ১
শ্রীভগবান্ বলিলেন -
দেবাদিপূজাবিষয়ক সাত্ত্বিকী, যক্ষ-রাক্ষসাদিপূজাবিষয়ক রাজসী এবং
ভূতপ্রেতাদিপূজাবিষয়ক তামসী - মানুষের এই তিন প্রকার শ্রদ্ধা জন্মে । এই শ্রদ্ধা
জন্মান্তরকৃত ধর্মাদিসংস্কার হইতে জাত হয় । সুতরাং জীবের ত্রিবিধ স্বভাব হইতে জাত
শ্রদ্ধাও তিন প্রকার । ইহার বিষয় শ্রবণ কর । ২
হে অর্জুন, সকল মানুষের
শ্রদ্ধা সাত্ত্বিকাদি সংস্কারযুক্ত অন্তঃকরণের অনুরূপ তিন প্রকার হইয়া থাকে ।
মানুষ শ্রদ্ধাময়, কারণ যিনি যেরূপ শ্রদ্ধাযুক্ত, তিনি সেইরূপই হন । সাত্ত্বিকী,
রাজসী এবং তামসী শ্রদ্ধাভেদে মানুষ, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক হয় । ৩
সাত্ত্বিক ব্যক্তিগণ
দেবগণের পূজা করেন, রাজসিক ব্যক্তিগণ যক্ষ ও রাক্ষসগণের পূজা করেন এবং তামসিক
ব্যক্তিগণ ভূত প্রেতাদির পূজা করেন । ৪
দম্ভ ও অহঙ্কারযুক্ত
এবং কামনা ও আসক্তিকৃত-বলান্বিত হইয়া যে অবিবেকিগণ দেহস্থ ইন্দ্রিয়সমূহকে এবং
বুদ্ধির সাক্ষীভূত আত্মস্বরূপ আমাকে ক্লিষ্ট করিয়া (অর্থাৎ আমার শাসন অতিক্রম
করিয়া) শাস্ত্রবিরুদ্ধ এবং নিজের ও অপরের পীড়াপ্রদ তপস্যার অনুষ্ঠান করে,
তাহাদিগকে আসুরিকবুদ্ধিবিশিষ্ট বলিয়া জানিবে । ৫-৬
পূর্বোক্ত তিন প্রকার
লোকের আহারও সত্ত্বাদি গুণভেদে তিন প্রকার প্রিয় । সেইরূপ যজ্ঞ, দান ও তপস্যা
ত্রিগুণানুসারে তিন প্রকার । ইহাদের প্রভেদ শ্রবণ কর । ৭
[আহার, যজ্ঞ, তপস্যা ও
দানের সাত্ত্বিক রূপ গ্রহণের জন্য এবং রাজস ও তামস রূপ বর্জনের জন্য এই বিভাগ
প্রদর্শিত হইল ।]
যে-সকল আহার আয়ু,
উদ্যম, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বৃদ্ধি করে, এবং সরস, স্নিগ্ধ ও পুষ্টিকর এবং
মনোরম সেইগুলি সাত্ত্বিক ব্যক্তিগণের প্রিয় হয় । ৮
যে-সকল আহার দুঃখ, শোক
ও রোগ সৃষ্টি করে এবং অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তিক্ষ্ণ,
অতি শুষ্ক এবং অতি প্রদাহকর সেইগুলি রাজসিকগণের প্রিয় হয় । ৯
মন্দপক্ক, রসহীন,
দুর্গন্ধময়, বাসী, উচ্ছিষ্ট ও যজ্ঞে নিষিদ্ধ আহার তামসিক ব্যক্তিগণের প্রিয় হয় ।
১০
যজ্ঞ করাই কর্তব্য
এইভাবে মন স্থির করিয়া ফলাকাঙ্ক্ষাবিহীন ব্যক্তি শাস্ত্রবিহিত যে যজ্ঞ করেন, তাহাই
সাত্ত্বিক যজ্ঞ । ১১
হে অর্জুন, স্বর্গাদি
ফল কামনা করিয়া দম্ভপ্রকাশের জন্যই যে যজ্ঞ অনুষ্ঠিত হয়, তাহাকে রাজসিক যজ্ঞ বলিয়া
জানিবে । ১২
শাস্ত্রবিধিবর্জিত,
অন্নদানশূন্য, মন্ত্রহীন, দক্ষিণাবিহীন, শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয় ।
১৩
দেবতা, ব্রাহ্মণ,
গুরুজন ও প্রাজ্ঞজনের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা - এইগুলিকে কায়িক
তপস্যা বলে । ১৪
অনুদ্বেগকর, সত্য,
প্রিয় ও হিতকর বাক্য এবং বেদাদি শাস্ত্রপাঠকে বাচিক তপস্যা বলে । ১৫
মনের প্রসন্নতা,
সৌম্যভাব, বাক্সংযম, মনের নিরোধ, ব্যবহারকালে ছলনারাহিত্য (মন ও মুখ এক করা) - এই
সকলকে মানসিক তপস্যা বলে । ১৬
ফলাকাঙ্ক্ষাবিহীন,
সমাহিত ব্যক্তিগণ পরম শ্রদ্ধাসহকারে পূর্বোক্ত কায়িক, বাচিক ও মানসিক যে তপস্যা
করেন, তাহাকে সাত্ত্বিক তপস্যা বলে । ১৭
সৎকার, সম্মান ও পূজা
পাইবার আশায় দম্ভের সহিত যে তপস্যা করা হয়, ইহলোকে কদাচিৎ ফলপ্রদ সুতরাং অনিশ্চিত,
সেই তপস্যাকে রাজসিক তপস্যা বলে । ১৮
দুরাকাঙ্ক্ষার বশবর্তী
হইয়া দেহেন্দ্রিয়কে কষ্ট দিয়া বা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয়, তাহাকে
তামসিক তপস্যা বলে । ১৯
'দান করা কর্তব্য' এই ভাবে
প্রত্যুপকারের আশা না করিয়া পুণ্য স্থানে, শুভ সময়ে ও উপযুক্ত পাত্রে যে দান করা
হয় তাহাকে সাত্ত্বিক দান বলে । ২০
যে দান প্রত্যুপকারের
আশায় ও কোন পারলৌকিক ফললাভের উদ্দেশ্যে এবং অনিচ্ছাসত্ত্বেও করা হয়, তাহাকে রাজসিক
দান বলে । ২১
অশুচি স্থানে, অশুভ
সময়ে ও অযোগ্য পাত্রে অবজ্ঞাপূর্বক ও প্রিয়বচনাদি সৎকাররহিত যে দান করা হয়, তাহাকে
তামসিক দান বলে । ২২
[বিহিত যজ্ঞ, দান ও
তপস্বাদির অনুষ্ঠানে বৈগুণ্য অবশ্যম্ভাবী বলিয়া তাহার নিরাকরণ ও সাদ্গুণ্য-সম্পাদনের
উদ্দেশ্যে বলা হইতেছে -]
'ওঁ তৎ সৎ' এই বাক্য
দ্বারা ব্রহ্মের ত্রিবিধ নাম শ্রুতি-নির্দিষ্ট হইয়াছে । এই ত্রিবিধ নির্দেশদ্বারা
পুরাকালে যজ্ঞের কর্তা ব্রাহ্মণ, যজ্ঞের কারণ বেদ ও যজ্ঞরূপ ক্রিয়া নির্মিত হইয়াছে
। ২৩
এইজন্য 'ওঁ' এই
ব্রহ্মবাচক প্রথম শব্দ উচ্চারণ করিয়া বেদবাদিগণ শাস্ত্রবিধান-অনুযায়ী
যজ্ঞ-দান-তপস্যাদি কর্ম অনুষ্ঠান করেন । ২৪
'তৎ' এই ব্রহ্মবাচক
দ্বিতীয় শব্দ উচ্চারণপূর্বক মুমুক্ষু ব্যক্তিগণ ফলাকাঙ্ক্ষা না করিয়া নানাপ্রকার
যজ্ঞতপোদানাদি কর্মের অনুষ্ঠান করেন । ২৫
হে পার্থ, সদ্ভাব ও
সাধুভাব সম্পাদনার্থ 'সৎ' এই তৃতীয় ব্রহ্মবাচক শব্দ প্রযুক্ত হয় এবং বিবাহাদি শুভ
কর্মেও সৎ-শব্দ ব্যবহৃত হয় । ২৬
যজ্ঞ, তপস্যা ও দানে
তৎপরভাবে যে অবস্থিতি (নিষ্ঠা, শ্রদ্ধা) তাহাও সদ্রূপে নির্দিষ্ট হয় এবং
ভগবৎপ্রীতির নিমিত্ত যে কর্ম অনুষ্টিত হয়, তাহাও সৎ-নামে অভিহিত হয় । ২৭
[যজ্ঞদানাদি কর্ম
অসাত্ত্বিকভাবে, বৈগুণ্যযুক্তরূপে বা অভক্তিপূর্বক কৃত হইলেও ব্রহ্মের নামত্রয়
দ্বারা সাত্ত্বিক সগুণ ও সভক্তিক-রূপে পরিণত হয় । অতএব 'ওঁ তৎ সৎ' ব্রহ্মের এই
নামত্রয় উচ্চারণপূর্বক যজ্ঞাদি কর্ম প্রবর্তনীয়, ইহাই এই প্রকরণের অর্থ ।]
হে পার্থ, শ্রদ্ধা
(আস্তিক্যবুদ্ধি)-শূন্য হইয়া যে যজ্ঞ, যে দান বা তপস্যা অনুষ্ঠিত হয় এবং
স্তুতিনমস্কারাদি যাহা কিছু করা হয়, তাহা অসৎ । কারণ, এই সকল যজ্ঞাদি বৈগুণ্যবশতঃ
পরলোকে এবং (অযশস্কর বলিয়া) ইহলোকেও নিষ্ফল হয় । ২৮
ভগবান্ ব্যাসকৃত
লক্ষশ্লোকী শ্রীমহাভারতের ভীষ্মপর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবদ্গীতারূপ উপনিষদে
ব্রহ্মবিদ্যাবিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন-সংবাদে শ্রদ্ধাত্রয়বিভাগযোগ নামক
সপ্তদশ অধ্যায় সমাপ্ত ।
গীতা একটি পবিএ ধর্ম গ্রন্থ। এই পৃথিবীর জন্য গীতার বানী অত্যান্ত প্রয়োজনীয়। আসুন সবাই গীতা পাঠ করি।
ReplyDeleteহরে কৃষ্ণ...
ReplyDelete